ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে ব্যাঙ্গালুরুতে অ্যালামনি মিট

অনলাইন ডেস্ক, ২৫ জুন, ২০২৪: দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনায় (ডিডিইউ-জিকেওয়াই) ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে গত ২২ জুন ব্যাঙ্গালুরুতে প্রাক্তন প্রশিক্ষণপ্রাপ্তদের অ্যালামনি মিট অনুষ্ঠিত হয়। ব্যাঙ্গালুরুর ফরচুন পার্ক জেপি সেলেস্টিয়াল হোটেলে এই অ্যালামনি মিট অনুষ্ঠিত হয়৷ ব্যাঙ্গালুরুতে কর্মরত রাজ্যের প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতীরা এই অ্যালামনি মিটে অংশ নেন৷

ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের ফ্ল্যাগশিপ প্রকল্প দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা দক্ষতা উন্নয়ন বিষয়ক এক কর্মসূচি। এই কর্মসূচিতে ১৮-৩৫ বছর বয়সী গ্রামীণ যুবক যুবতীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা বিকাশের মাধ্যমে বিভিন্ন সংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, রাজ্যে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা বাস্তবায়নে নোডাল এজেন্সি হিসেবে কাজ করছে। রাজ্যে এখন পর্যন্ত গ্রামীণ এলাকার ১৩,৪০৯ জন যুবক যুবতীকে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৮,২৯৪ জন যুবক যুবতীর কর্মসংস্থান হয়েছে।

ব্যাঙ্গালুরুতে রাজ্যের প্রশিক্ষণপ্রাপ্ত প্রাক্তন যুবক যুবতীদের এই অ্যালামনি মিটের উদ্বোধন করেন ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের সহকারি কমিশনার (দক্ষতা উন্নয়ন) আয়ুষ পুনিয়া ও ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ড. ব্রাহ্মিত কৌর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়দ্রাবাদস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতের (এনআইআরডিপিআর) অধিকর্তা সুধাকর রেড্ডি এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের (এনএসডিসি) আঞ্চলিক পরিচালক শেখ মাহমুদ। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত বহির্রাজ্যে কর্মরত রাজ্যের গ্রামীণ যুবক ও যুবতীদের কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান ও দীর্ঘমেয়াদি কর্মউপযোগী করে তোলার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অ্যালামনি মিটে ব্যাঙ্গালুরুতে বিভিন্ন সংস্থায় কর্মরত রাজ্যের ২৫০ জনের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতী অংশ নেয়। এই অনুষ্ঠানে বিভিন্ন নিয়োগকারী সংস্থা যেমন টাটা জুডিও, ইকম এক্সপ্রেস, ক্রিমস্টোন আইসক্রিম, টাটা ট্রেন্ট, অ্যামাজন, মাদারসন সুমি, ভি-মার্ট রিটেইল সহ ১৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অ্যালামনি মিটে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ড. ব্রাহ্মিত কৌর যুবকদের শক্তি ও স্বপ্নকে সঠিক দিকে চালিত করার উপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, যুবক যুবতীরা দেশের ভবিষ্যৎ। তাদের শক্তি ও স্বপ্নকে সঠিক দিশায় চালিত করার জন্য সরকার গুরুত্ব আরোপ করেছে৷ দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা (ডিডিইউ-জিকেওয়াই) গ্রামীণ এলাকার যুবক যুবতীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থান ও ক্যারিয়ার তৈরি করতে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে৷

তিনি বলেন, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের আন্তরিক প্রচেষ্টা রাজ্যের গ্রামীণ যুবক যুবতীদের নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। তাছাড়াও গ্রামীণ যুবক যুবতীদের ক্ষমতায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অ্যালামনি মিটে রাজ্যের প্রশিক্ষণপ্রাপ্ত ব্যাঙ্গালুরুতে কর্মরত যুবক যুবতীরা তাদের সাফল্যের কথা তুলে ধরেন। তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনার ভূমিকার কথাও আলোকপাত করেন।

Recent Posts