১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি-র উদ্যোগে বার্ষিক প্রশিক্ষণ শিবির

অনলাইন ডেস্ক, ২৬ জুন, ২০২৪: ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি-র উদ্যোগে আজ থেকে এনএসআরসিসি হলে রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয় ও বিদ্যালয়স্তরের এনসিসি ক্যাডেটদের নিয়ে ১০ দিন ব্যাপী বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। এনসিসি’র ব্রিগেডিয়ার কপিল সোদ এই শিবিরের সূচনা করেন। প্রশিক্ষণ শিবির আগামী ৪ জুলাই সমাপ্ত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্প কমানডেন্ট সি রাজশেখর, কর্ণেল রোহিত শর্মা, কর্ণেল ভিনয় রউথান, লেফটেন্যান্ট অনামিকা দাস সহ বিভিন্ন মহাবিদ্যালয় ও বিদ্যালয়ের এনসিসি’র আধিকারিকগণ। প্রশিক্ষণ শিবিরে ৪১০ জন ক্যাডেট অংশ নিয়েছে। এরমধ্যে ২৭০ জন বয়েজ ক্যাডেট ও জন গার্লস ক্যাডেট রয়েছে।

শিবিরের উদ্বোধন করে ব্রিগেডিয়ার কপিল সোদ এনসিসি’র ক্যাডেটদের প্রশিক্ষণ নিয়ে দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ১৫ লক্ষ এনসিসি ক্যাডেট রয়েছে। তিনি বলেন, মহাবিদ্যালয় ও বিদ্যালয়স্তরে এনসিসি’র প্রাথমিক শিক্ষা দেওয়া হয়।

১০ দিন ব্যাপী এই শিবিরে ক্যাডেটদের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, জাতীয় সংহতি, ভ্রাতৃত্ববোধ, অস্ত্রচালনা, পিটি, যোগা, ড্রিল, ম্যাপ রিডিং, তাবু তৈরী, সামরিক বাহিনীর ইতিহাস, সাইবার ক্রাইম, সমাজসেবা, সংস্কৃতি, ব্যক্তিত্ব গঠন ও পরিবেশ সচেতনতার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিসি’র লেফটেন্যান্ট অনামিকা দাস এবং এনসিসি’র থার্ড অফিসার গৌরী পাল।

অনুষ্ঠানে ২০২২ সালের এনসিসি’র বেষ্ট ক্যাডেট প্রসেনজিৎ বিশ্বাস ও ২০২৩ সালের এনসিসি’র বেষ্ট ক্যাডেট বিশ্বরাম দেববর্মাকে আর্থিক পুরস্কার দেওয়া হয়। ব্রিগেডিয়ার কপিল সোদ তাদের হাতে ৪,৫০০ টাকা করে আর্থিক পুরস্কার তুলে দেন। তাছাড়াও অনুষ্ঠানে ২০২৪ সালে এনসিসি’র বিভিন্ন বিভাগে বেষ্ট ক্যাডেট যথাক্রমে অ্যালবার্ট হালাম, শিয়ারী দেববর্মা ও জয়জিৎ রায়কেও পুরস্কৃত করা হয়। ব্রিগেডিয়ার কপিল সোদ সহ অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Recent Posts