নীতি আয়োগের বিশেষ উপদেষ্টা গঙ্গানগর ব্লকে সম্পূর্ণতা অভিযানের সূচনা করলেন

অনলাইন ডেস্ক, 0৪ জুন 2024: অ্যাসপিরেশনাল ব্লক হিসেবে ঘোষিত গঙ্গানগর ব্লকে আজ থেকে ‘সম্পূর্ণতা অভিযান’-এর সূচনা হয়েছে। এই অভিযানের সূচনা ও গঙ্গানগর ব্লকের সার্বিক উন্নয়ন কর্মসূচি খতিয়ে দেখতে নীতি আয়োগের এক প্রতিনিধিদল ধলাই জেলার গঙ্গানগর ব্লক সফরে আসেন। সম্পূর্ণতা অভিযানে অ্যাসপিরেশনাল ব্লক গঙ্গানগরের পরিকাঠামোর বিকাশ ও জনসাধারণের আর্থিক জীবনযাত্রার মান উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। ব্লকের সার্বিক বিকাশে ৬টি সূচক নির্ধারণ করে সর্বাধিক গুরুত্ব দিয়ে কর্মসূচি রূপায়ণ করা হচ্ছে।

এ উপলক্ষে গঙ্গানগর কমিউনিটি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টলও খোলা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন নীতি আয়োগের বিশেষ উপদেষ্টা রাজীব সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলাশাসক সাজু বাহিদ এ, নীতি আয়োগের আধিকারিক ও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। অনুষ্ঠান শেষে নীতি আয়োগের বিশেষ উপদেষ্টা রাজীব সেন জানান, অ্যাসপিরেশনাল জেলা ও ব্লকে উন্নয়ন কর্মসূচি রূপায়ণে ১০০ শতাংশ সাফল্য অর্জনের লক্ষ্যে যে ৬টি সূচককে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু হয়েছে তার সূচনা হলো আজ।

এই কর্মসূচি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। গঙ্গানগর কমিউনিটি হলের অনুষ্ঠানে নীতি আয়োগের বিশেষ উপদেষ্টা রাজীব সেন অ্যাসপিরেশনাল জেলা ধলাই জেলার উন্নয়ন কর্মসূচি নিয়ে জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে মতবিনিময় করেন। তাছাড়াও তিনি আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ ও সমস্যা নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানের পরে নীতি আয়োগের প্রতিনিধিদলটি প্রদর্শনী স্টলগুলি পরিদর্শন করেন। ধলাই সফরে এসে নীতি আয়োগের বিশেষ উপদেষ্টা রাজীব সেন ও অন্যান্য প্রতিনিধিগণ এদিন গঙ্গানগর স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও হেলথ ওয়েলনেস সেন্টার পরিদর্শন করেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রতিনিধিদলটি গোদভরাই অনুষ্ঠানেও অংশ নেন। অনুষ্ঠানে রাজ্যের ঐতিহ্যময় হজাগিরি নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালে ধলাই জেলাকে অ্যাসপিরেশনাল জেলা হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে ২০২৩ সালে দেশের আরও কিছু ব্লককে অ্যাসপিরেশনাল ব্লক হিসেবে ঘোষণা করা হয়েছিল। অ্যাসপিরেশনাল ব্লকগুলির মধ্যে ধলাই জেলার গঙ্গানগর ব্লক ছাড়াও উত্তর ত্রিপুরা জেলার দামছড়া ও দশদা ব্লক রয়েছে। পিছিয়ে পড়া প্রান্তিক এই ব্লকগুলির সার্বিক বিকাশে অ্যাসপিরেশনাল ব্লক হিসেবে ঘোষণা করা হয়।

Recent Posts