অনলাইন ডেস্ক, ০৫ জুলাই, ২০২৪: অ্যাসপিরেশনাল ব্লক কর্মসূচিতে দশদা ব্লকের সার্বিক বিকাশে আজ ‘সম্পূর্ণতা অভিযান’ এর সূচনা করা হয়েছে। এই উপলক্ষে আজ দশদা ব্লক অফিস সংলগ্ন স্থানে আয়োজিত সম্পূর্ণতা অভিযান উৎসব ও মেলার উদ্বোধন করেন বিধায়ক ফিলিপ কুমার রিয়াং।
উৎসবের উদ্বোধন করে বিধায়ক ফিলিপ কুমার রিয়াং বলেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার পিছিয়ে পড়া ব্লক এলাকার সার্বিক বিকাশ ও জনসাধারণের আর্থিক জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করে কাজ করছে। তিনি এই কাজে জনগণের সরকারি পরিষেবার সুফল পেতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
উল্লেখ্য, অ্যাসপিরেশনাল ব্লকের সার্বিক বিকাশে ৬টি সূচককে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ণে ১০০ শতাংশ সাফল্য অর্জনের জন্য কাজ শুরু হয়েছে। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত এই কর্মসূচি রূপায়ণের কাজ চলবে। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমডিসি শৈলেন্দ্র নাথ, বিএসি’র চেয়ারম্যান উদার রাম রিয়াং, নীতি আয়োগের আধিকারিক ড. অমৃত পাল কৌর, জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, বিডিও অমপুইয়া দার্লং।
এই উৎসব ও মেলাকে কেন্দ্র করে বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টল খোলা হয়। অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সুভাষ চন্দ্র সাহা, কৃষি দপ্তরের উপ-অধিকর্তা ধ্রুবজ্যোতি পাল, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক প্রসেনজিৎ দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে সম্পূর্ণতা অভিযানে পেইন্টিং ও ফুটবল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন অতিথিগণ।









