অনলাইন ডেস্ক, ০৫ জুলাই, ২০২৪: রাজ্যভিত্তিক ৬৩তম অনুর্দ্ধ ১৭ বালক বিভাগের সুব্রত মুখার্জী কাপ ফুটবল প্রতিযোগিতা গতকাল থেকে সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশান মাঠে শুরু হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা আগামীকাল সমাপ্ত হবে৷
সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত রাজ্য ক্রীড়া পতাকা উত্তোলন করে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া৷ তিন দিনব্যাপী এই রাজ্যভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় রাজ্যের ৮টি জেলা থেকে ৮টি ফুটবল টিম অংশ নিচ্ছে।
\প্রতিযোগিতার উদ্বোধন করে সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন, বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন সুস্থ মন, সুস্থ শরীর গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই সবাইকে দেহ ও মন সুস্থ রাখার লক্ষ্যে খেলাধুলা বা শরীরচর্চার কাজে এগিয়ে আসার আহ্বান জানান সভাধিপতি৷ অনুষ্ঠানে আলোচনা করেন ত্রিপুরা স্পোর্টস স্কুল বোর্ডের জয়েন্ট সেক্রেটারি নিখিল সাহা, সিপাহীজলা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রসেনজিৎ ঘোষ।
স্বাগত বক্তব্য রাখেন সোনামুড়া মহকুমা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয়ের মহকুমা ইয়ুথ প্রোগ্রাম অফিসার মদুসূদন দেববর্মা। এই অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসাবে এছাড়াও উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন সারদা চক্রবর্তী, সোনামুড়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক এম কে চাকমা প্রমুখ।









