খেলাধুলা ছাত্রছাত্রীদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে : রাজ্যপাল

অনলাইন ডেস্ক, ০৭ জুলাই, ২০২৪: খেলাধূলা ছাত্রছাত্রীদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলা করলে মানসিক শক্তি বৃদ্ধি পায়। তাছাড়াও খেলাধুলা গভীরভাবে চিন্তা করতে সাহায্য করে ও আত্মবিশ্বাস গড়ে তুলে।

আজ সপ্তম জাতীয় জেনডুকাই ক্যারাটে প্রতিযোগিতার সমাপ্তি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু একথা বলেন। রাজ্যপাল প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্রীড়াবিদদের উদ্দেশ্যে বলেন, প্রতিযোগিতায় কে জয়লাভ করল, কে পরাজিত হলো তা বড় কথা নয়। প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যালেঞ্জ জানানোই গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু ও অতিথিগণ বিজয়ীদের হাতে এবং প্রশিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন৷ আসাম রাইফেল পাবলিক স্কুলে আয়োজিত এই প্রতিযোগিতার সংগঠক ত্রিপুরা জেনডুকাই ক্যারাটে এসোসিয়েশনের কর্মকর্তাদের রাজ্যপাল ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার মনিষ রানা, অইনাম আকাশ, পদ্মশ্রী দীপা কর্মকার উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ১০টি রাজ্য অংশ নেয়। প্রতিযোগিতায় মনিপুর প্রথম, মেঘালয় দ্বিতীয় এবং ত্রিপুরা তৃতীয় স্থান অধিকার করে। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।