অনলাইন ডেস্ক, ১২ জুলাই, ২০২৪: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর হাসপাতাল রোডে ওষুধের দোকান অজন্তা ড্রাগসের বিপরীতে বৃহস্পতিবার মধ্যরাতে বুলেরো গাড়ি রাস্তার পাশে থাকা ইলেকট্রিক পোস্টে সজোরে ধাক্কা দিয়ে ইলেকট্রিক পোস্ট সহ রাস্তার ধারে উল্টে যায়। বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গ পড়ায় বৈদ্যুতিক তার ছিরে রাস্তায় পড়ে যায়।
খবরে পেয়ে ধর্মনগরের অগ্নি নির্বাপক বাহিনীরা এসে মদমত্ত অবস্থায় থাকা গাড়ির চালককে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে গাড়ি চালকের নাম দেবাশীষ দেব। বাড়ি কৈলাসহরের হালাইপাড় এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে ধর্মনগর থানার পুলিশ। এদিকে ঘটনার পর বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত চলে এই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ। অল্প বিস্তর ধাক্কা লাগলেও রাস্তার ধারে থাকা একটি ক্লিনিক রক্ষা পায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাওলিমা ঘোষ জানিয়েছেন গাড়ি চালক দেবাশীষ দেবের আঘাত তেমন একটা গুরুতর নয়। তবে সে প্রচন্ড মদ্যপ অবস্থায় ছিল বলে জানিয়েছেন তিনি।
যদি এই দুর্ঘটনাটি আরো কিছু সময় আগে হত তবে এই রাস্তা দিয়ে চলাচলরত বহু লোকের জীবন বিপন্ন হতে পারত বলে এলাকাবাসীর ধারণা। গাড়ি চালক দেবাশীষ দেব জানিয়েছে এই গাড়িটি তার বোনের এবং সেই চালকের আসনে ছিল। এই গাড়িতে সে ছাড়া অন্য কেউ ছিল না। সে বাড়িতে অর্থাৎ কৈলাসহরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে ধর্মনগর হাসপাতাল রোডে এই দুর্ঘটনা ঘটায়। তাকে প্রাথমিক চিকিৎসার পর উত্তর জেলা হাসপাতাল থেকে ধর্মনগর থানায় নিয়ে আসা হয়।









