সিআরএস পোর্টালে জন্ম ও মৃত্যু নথিভুক্তকরণ, পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক প্রশিক্ষণ শিবির

অনলাইন ডেস্ক, ২৪ জুলাই, ২০২৪: সিআরএস পোর্টালে (নাগরিক নিবন্ধন পদ্ধতি) জন্ম ও মৃত্যু নথিভুক্তকরণ প্রক্রিয়া নিয়ে আজ পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক একদিনের এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। মুক্তধারা অডিটোরিয়ামে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন সেন্সাস অপারেশনের অধিকর্তা রবীন্দ্র রিয়াং।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক সজল বিশ্বাস এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক রঞ্জন বিশ্বাস প্রমুখ। উল্লেখ্য, আরবিডি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৩ অনুসারে এই প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এই ধরণের নিবন্ধন প্রক্রিয়ায় গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কমিটি, বিভিন্নস্তরের স্বাস্থ্য প্রতিষ্ঠান, নগর পঞ্চায়েত, পুর পরিষদ, পুর নিগম, মহকুমা ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে জেলা পর্যায়ে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হচ্ছে।

প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করে অধিকর্তা রবীন্দ্র রিয়াং বলেন, আরবিডি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৩ অনুসারে ১ অক্টোবর, ২০২৩ এর পর যারা এদেশে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে জন্মের প্রমানপত্র হিসাবে কেবলমাত্র ‘বার্থ সার্টিফিকেট’ কেই গ্রাহ্য করা হবে৷ সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে মারা গেলে মৃত্যুর সঠিক কারণ উল্লেখ করা সার্টিফিকেট সংশ্লিষ্ট রেজিস্ট্রারের নিকট এবং মৃত ব্যক্তির নিকট আত্মীয়কে দিতে হবে৷ তাছাড়া জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ৭ দিনের মধ্যে বিনামূল্যে তা প্রদান করতে হবে৷ শিবিরের দ্বিতীয় পর্যায়ে আগত প্রতিনিধিদের সিআরএস পোর্টালে জন্ম ও মৃত্যু নথিভুক্তকরণ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Recent Posts