ধলাই জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে জনসাধারণের চলাচলে বিধিনিষেধ

অনলাইন ডেস্ক,০৭ অগাস্ট, ২০২৪: জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে ধলাই জেলার গন্ডাতুইসা মহকুমার রইস্যাবাড়ি বাজার এলাকা ছাড়া জেলার অন্তর্গত সবকয়টি মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তের ১ কিলোমিটার এলাকায় সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত সময়ে জনসাধারণের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বিএনএসএস ২০২৩ এর ১৬৩নং ধারায় ধলাই জেলার জেলাশাসক এই বিধিনিষেধ আরোপ করেছেন। আজ থেকে এই আদেশ কার্যকর হয়েছে এবং তা আগামী ৩১ আগস্ট, ২০২৪ পর্যন্ত বলবৎ থাকবে।

তবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত সামরিক/ আধাসামরিক এবং রাজ্য পুলিশ বাহিনীর সদস্যগণ, ধলাই জেলার পুলিশ সুপার এবং জেলার অন্তর্গত সবকয়টি মহকুমার মহকুমা শাসকদের জারি করা বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, জরুরী সরকারি কাজে নিয়োজিত সরকারি কর্মচারি এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিগণ এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবেন। এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে বিএনএস ২০২৩-র ২২৩ নং ধারা অনুযায়ী শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।