রাষ্ট্রীয় পোষণ মাস, উত্তর ত্রিপুরা ও সিপাহীজলা জেলায় প্রস্তুতি সভা

অনলাইন ডেস্ক, ০২ আগস্ট, ২০২৪: উত্তর ত্রিপুরা জেলায় সেপ্টেম্বর মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপন করা হবে। এ উপলক্ষে গত ৩১ আগস্ট উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধনের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ ও সমাজশিক্ষা পরিদর্শক প্রসেনজিৎ দেববর্মা, জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ ও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। প্রস্তুতি সভায় উত্তর ত্রিপুরা জেলায় রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপনে কী কী কর্মসূচি নেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, বন এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। জেলার প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মা, শিশু ও কিশোরীদের ওজন ও উচ্চতা পরিমাপ করা, মা ও শিশুদের সম্পূরক পুষ্টি প্রদান করা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে বৃক্ষরোপণ করা, বিদ্যালয়স্তরে ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, কিশোরীদের নিয়ে সাইকেল র‍্যালির মতো কর্মসূচির আয়োজন করা হবে।

বিশ্রামগঞ্জ: সিপাহীজলা জেলায় রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপন উপলক্ষে আজ জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা (পিপি) সুব্রত মজুমদার। সভায় অতিরিক্ত জেলাশাসক রাষ্ট্রীয় পোষণ মাস সুষ্ঠুভাবে সম্পন্ন করার উপর সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের জেলা আধিকারিক উত্তম কুমার দাস পাওয়ারপয়েন্টে রাষ্ট্রীয় পোষণ মাসের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। তিনি জানান, রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপনে সেপ্টেম্বর মাসব্যাপী জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। সভায় উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অ্যাসিস্টেন্ট কালেক্টর ডি গোয়েল, সিডিপিও ও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।

 

Recent Posts