অনলাইন ডেস্ক, ০৩ সেপ্টেম্বর, ২০২৪: খোয়াই জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে আজ উন্নয়ন কর্মসূচি রূপায়ণ নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন সাংসদ কৃতী দেবী দেববর্মণ। পর্যালোচনা সভায় সাংসদ কৃতী দেবী দেববর্মণ কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে উন্নয়ন কর্মসূচি রূপায়ণে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন৷
তিনি বলেন, উন্নয়ন কর্মসূচি রূপায়ণের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। সভায় জেলাশাসক চান্দনী চন্দ্ৰন পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে খোয়াই জেলায় সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্র, যোগাযোগ, জাতীয় সড়ক, বিদ্যুৎ ক্ষেত্রের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তুলে ধরেন। সভায় জেলার কৃষি ও কৃষক কল্যাণ, উদ্যান, মৎস্য, স্বাস্থ্য, প্রাণীসম্পদ বিকাশ, পূর্ত, বন, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা সহ বিভিন্ন কার্যালয়ের আধিকারিকগণ সংশ্লিষ্ট দপ্তরের উন্নয়নমূলক কাজের বিবরণ ও সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরেন।
পর্যালোচনা সভায় সাংসদ কৃতী দেবী দেববর্মণ খোয়াই জেলার বিভিন্ন এলাকায় নদীর পাড় ভাঙ্গন ও বন্যা প্রতিরোধে নদীর পাড়ে বন দপ্তর ও জলসম্পদ দপ্তরকে যৌথভাবে প্ল্যান্টেশন এবং বাঁশ গাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। সভায় উপস্থিত ছিলেন টিটিএএডিসির কার্যনির্বাহী সদস্য সোহেল দেববর্মা, খোয়াই পুরপরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথশর্মা, জেলা বন আধিকারিক অক্ষয় বালু বোর্দে, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী, খোয়াই মহকুমার মহকুমা শাসক মেঘা জৈন, তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক পরিমল মজুমদার, খোয়াই ব্লকের বিডিও অভিজিৎ দাস, পদ্মবিল ব্লকের বিডিও স্বরূপা রিয়া, মুঙ্গিয়াকামি ব্লকের বিডিও সুশীল রিয়াং, তেলিয়ামুড়া ব্লকের বিডিও বিপ্লব আচার্য, তুলাশিখর ব্লকের বিডিও আবেদ এল ডার্লং প্রমুখ।









