অনলাইন ডেস্ক, ০৯ সেপ্টেম্বর, ২০২৪: উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি হিসেবে অপর্ণা নাথ ও সহকারি সভাধিপতি হিসেবে ভবতোষ দাস আজ শপথ গ্রহণ করেন৷ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা।
ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে তাদের শপথবাক্য পাঠ করান পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সচিব ড. সন্দীপ আর রাঠোর।
এর আগে উত্তর ত্রিপুরা জিলা পরিষদের নবনির্বাচিত ১৭ জন সদস্য-সদস্যাকে শপথবাক্য পাঠ করান পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা প্রসূন দে৷
শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, জিলা পরিষদের নবনির্বাচিত সদস্য-সদস্যাদের হাত ধরে এলাকার উন্নয়ন হবে। তারা মানুষের স্বার্থে কাজ করবে বলে শিল্পমন্ত্রী আশা প্রকাশ করেন৷
তিনি আরও বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করতে হয়। একে অপরকে সহযোগিতা করা এবং প্রত্যেকের মিলিত সহযোগিতার মাধ্যমেই সামগ্রিক উন্নয়ন সম্ভব বলে শিল্পমন্ত্রী উল্লেখ করেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, মানুষের জন্য দায়িত্ব নিয়ে কাজ করতে হবে জিলা পরিষদের নবনির্বাচিত সদস্য-সদস্যাগণকে।
এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক যাদবলাল দেবনাথ, সমাজসেবী কাজল দাস, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী রাণী দাস সেন, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন, জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, ধর্মনগরের মহকুমা শাসক সজল দেবনাথ প্রমুখ।









