অনলাইন ডেস্ক, ০৯ সেপ্টেম্বর, ২০২৪: জিরানীয়া মহকুমার অগ্নিবীণা হলে আজ মহকুমার বিভিন্ন ক্লাব ও পূজা কমিটিগুলিকে নিয়ে আসন্ন দুর্গাপূজা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জিরানীয়া নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস। সভায় তিনি বলেন, সরকারি সমস্ত নির্দেশিকা মেনে ক্লাব ও পূজা কমিটিগুলিকে পূজার আয়োজন করতে হবে।
যানবাহন থামিয়ে কোন অবস্থাতেই চাঁদা সংগ্রহ করা যাবে না। চাঁদা নিয়ে জুলুমবাজি করা চলবে না৷ তিনি আরও বলেন, সম্প্রতি রাজ্যে ভয়াবহ বন্যা হয়েছে।
সেজন্য যদি সম্ভব হয় পূজার খরচ বাঁচিয়ে বন্যা পীড়িত জনগণকে কিছু সাহায্যের হাত বাড়ানোর জন্য পূজা কমিটিগুলির প্রতি আহ্বান জানান৷ স্বাগত বক্তব্য রাখেন জিরানীয়া মহকুমার মহকুমা শাসক অনিমেষ ধর৷
তিনি প্রশাসনের সমস্ত নিয়মাবলী মেনে সুষ্ঠ ও সুন্দরভাবে শারদোৎসব আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন এবং সরকারি নির্দেশিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় মহকুমা পুলিশ আধিকারিক কমল কৃষ্ণ কলই বিজয়া দশমীর সময় মূর্তি বিসর্জন সুশৃঙ্খলভাবে করার আহ্বান জানান৷ তাছাড়া সভায় বিদ্যুৎ, পূর্ত, অগ্নি নির্বাপন এর প্রতিনিধিগণও আলোচনা করেন৷ সভায় মহকুমার বিভিন্ন ক্লাব ও বিভিন্ন পূজা কমিটির প্রতিনিধি, আরক্ষা দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।









