অনলাইন ডেস্ক, ১৫ সেপ্টেম্বর, ২০২৪: স্কুল থেকে বাড়ী ফেরার পথে নিখোঁজ হয় পঞ্চম শ্রেণীর ছাত্রী। পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্ত যুবকের নাম প্রসেনজিৎ মুহুরী। বর্তমানে অভিযুক্ত যুবক পলাতক। জানা গিয়েছে,বিলোনিয়া থানার অন্তর্গত ঋষ্যমুখের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মনগর এলাকা।
এই গ্রামেরই ধর্মনগর এস বি স্কুলের পঞ্চম শ্রেণীর এক ছাত্রী শনিবার স্কুল ছুটির পর নিখোঁজ হয়ে যায়। পরে রাত প্রায় পৌনে দশটা নাগাদ নাবালিকা ভয়ে কাঁপতে কাঁপতে একাই বাড়িতে এসে পৌঁছায়। পরিবারের লোক শনিবার রাতেই বিলোনিয়া মহিলা থানায় এটি মামলা দায়ের করেন। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় স্কুল থেকে আসার পথে এলাকারই যুবক প্রসেনজিৎ মুহুরী মেয়েটিকে বাড়ি আসার মাঝ রাস্তা থেকে অপহরণ করে নিয়ে যায় এবং তাকে গাড়ি করে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করায়।
মেয়ের বক্তব্য অনুযায়ী পাশের বাড়ির বখাটে নেশাখোর বাইশ বছরের যুবক প্রসেনজিৎ মুহুরী তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে তুলে নিয়ে যায়। বাড়ী থেকে প্রায় ১ কিমি দূরের ছাত্রীটির স্কুল। শনিবার চার ঘন্টা ক্লাশ শেষে বেলা দুইটায় স্কুল ছুটি হয়ে যায়। শনিবার স্কুল ছুটি হওয়ার পরে ছাত্রীটি বাড়ীতে ফিরে না আসায় পরিবার সহ ছাত্রীর আত্মীয় পরিজন ও এলাকাবাসীরা সহপাঠিদের বাড়ীতে গিয়ে অনেক খোজাখুজি করে। কিন্তু কোথাও ছাত্রীর খোঁজ পাওয়া যায়নি ।
পরে বিলোনিয়া থানার অন্তর্গত ঋষ্যমুখ পুলিশ ফাড়িকেও বিষয়টি জানানো হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ঋষ্যমুখ ফাঁড়ির ওসি, বিলোনিয়া মহিলা থানার পুলিশ, মহাকুমা পুলিশ আধিকারিক ও দক্ষিণ জেলার পুলিশ সুপার। পুলিশ যখন তল্লাশি অভিযান শুরু করে, তখন বখাটে যুবক প্রসেনজিৎ মুহুরী নিখোঁজ ছাত্রীকে গাড়ি দিয়ে বাড়ির পেছনে নামিয়ে চম্পট দেয়।
তবে রেল স্টেশনে বখাটে যুবক প্রসেনজিৎ মুহুরীর গাড়ি উদ্ধার করা হলেও এখনো সে পলাতক।
বিলোনিয়া থানাতে মামলা হয় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে। পুলিশ মামলা নিয়ে নাবালিকা অপহরণ ও ধর্ষণ কাণ্ডে যুক্ত প্রসেনজিৎ মুহুরীর খোঁজে অভিযান জারি রেখেছে। এদিকে উত্তেজিত জনগণ, প্রসেনজিৎ মুহুরীর বাড়িঘরে হামলা করার চেষ্টা চালালেও পুলিশ ও এলাকার কিছু শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকের তৎপরতায় শেষ মেশ রক্ষা পায় বাড়ি ঘর। এ বিষয়ে বিলোনিয়া জুড়ে চাপা ক্ষোভ বিরাজ করছে।









