বাড়ির সামনে থেকে নয় বছরের এক নাবালিকাকে তোলে নিয়ে শ্লীলতাহানি, অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা কর্মীর বিরুদ্ধে

অনলাইন ডেস্ক, ১৬ সেপ্টেম্বর, ২০২৪: বাড়ির সামনে থেকে নয় বছরের এক নাবালিকাকে তোলে নিয়ে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা কর্মীর বিরুদ্ধে। ঘটনা ঊণকোটি জেলার কৈলাসহরে। পুলিশ অভিযুক্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মীকে আটক করে আদালতে প্রেরণ করেছে।

ঘটনা সম্পর্কে কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য জানান, রবিবার রাতে মহিলা থানায় এক লিখিত অভিযোগ মূলে অবসরপ্রাপ্ত সেনা কর্মী বাবুসেনা শর্মাকে পুলিশ গ্রেফতার করে। রিপিতা ভট্টাচার্য আরও জানান, আটক ব্যক্তি বাবুসেনা শর্মা নয় বছরের এক নাবালিকাকে নিজ বাড়ি থেকে তোলে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেছে বলে নাবালিকার মা থানায় লিখিতভাবে জানায়।

মহিলা থানার পুলিশের প্রাথমিক তদন্তে আটক ব্যক্তি বাবুসেনা শর্মা ঘটনার দায় স্বীকার করেছে বলেও জানান রিপিতা ভট্টাচার্য। আটক বাবুসেনা শর্মাকে ১৬ সেপ্টেম্বর দুপুর দেড়টায় কৈলাসহর আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি রিপিতা ভট্টাচার্য। ১৬সেপ্টেম্বর সকালে মহিলা থানার পুলিশ নাবালিকার মেডিকেল করিয়েছেন।

নয় বছরের নাবালিকার সাথে শ্লীলতাহানির ঘটনায় গোটা কৈলাসহরে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। উল্লেখ্য, আটক ব্যক্তি অবসরপ্রাপ্ত বাবুসেনা শর্মা গত ছয় থেকে সাত মাস পূর্বে নিজে গাড়ি চালিয়ে এক পথচারীর উপর তোলে দিয়েছিলেন এবং ঘটনাস্থলেই সেই পথচারী মারা গিয়েছিলেন।

পরবর্তী সময়ে পুলিশ ঘাতক গাড়িটিকে সিজ করেছিল এবং বাবুসেনা শর্মাকে গ্রেফতার করেছিল। দীর্ঘদিন কৈলাসহর জেলে থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বের হয়েছিলেন বাবু সেনা শর্মা।

Recent Posts