মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন, রাজ্যে গুণগত শিক্ষার প্রসারে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে : কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৫ সেপ্টেম্বর,২০২৪: রাজ্যে গুণগত শিক্ষার প্রসারে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে শিক্ষক শিক্ষিকাদের অগ্রণী ভূমিকা নিতে হবে। আজ মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷

কৃষিমন্ত্রী এদিন মোহনপুরে স্বচ্ছতা হি সেবা কর্মসূচিতে তিনদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফুড ফেস্টিভেলেরও উদ্বোধন করেন। এ উপলক্ষে মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সভায় কৃষিমন্ত্রী বলেন, দেশের সার্বিক বিকাশে প্রধানমন্ত্রী শিক্ষা ও কৃষির উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন।

রাজ্য সরকার এ দুটি ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারের লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা। উল্লেখ্য, মোহনপুর পুরপরিষদ, মোহনপুর মহকুমা প্রশাসন, ব্লক প্রশাসন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় তিনদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ফুড ফেস্টিভেলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আরও বলেন, এবারের স্বচ্ছ ভারত মিশনের থিম হচ্ছে স্বভাব স্বচ্ছতা- সংস্কার স্বচ্ছতা। রাজ্যকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কৃষিমন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, ভাইস চেয়ারম্যান সঞ্জীব কুমার দাস, মোহনপুর পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন শংকর দেব, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিনহা, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্য জয়লাল দাস, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত প্রমুখ।

স্বচ্ছতা হি সেবা কর্মসূচি উপলক্ষে অতিথিগণ বাড়ি থেকে আবর্জনা সংগ্রহকারীদের মধ্যে বস্ত্র বিতরণ করেন।

Recent Posts