অনলাইন ডেস্ক, ২৬ সেপ্টেম্বর,২০২৪: ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে আজ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য পিএলভিএস বা প্যারা লিগ্যাল ভলান্টিয়ার্সদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের কনফারেন্স হলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তাছাড়াও অনুষ্ঠানে গোমতী জেলা আইনসেবা কর্তৃপক্ষের জেলা সচিব ইয়াসভি তানেজাকেও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্যারা লিগ্যাল ভলান্টিয়ার্সদের হাতে স্মারক ও শংসাপত্র তুলে দিয়ে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি তথা ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের এগজিকিউটিভ চেয়ারম্যান টি অমরনাথ গৌড় বলেন, পিএলভিএস-রা হলেন গ্রাউন্ড লেভেলের সৈনিক৷ গত ২০ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত রাজ্যের ভয়াবহ বন্যায় বন্যা দুর্গতদের কল্যাণে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেছেন।
শুধু দায়িত্ব পালন নয়, তারা সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন। তারা সাম্প্রতিক বন্যায় ও ধ্বসে বিধ্বস্ত ২৫৩টি পরিবারকে উদ্ধার করেছেন। এছাড়া গোমতী জেলার আলোর দিশারী শিশু গৃহ থেকে ২৮ জন অনাথ কিশোরী ও ১৯ জন অনাথ কিশোরকে উদ্ধার করে শিশু কল্যাণ কমিটির মাধ্যমে তেপানিয়া ও খিলপাড়া বয়েজ হোমে স্থানান্তর করেছেন।
অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের এগজিকিউটিভ চেয়ারম্যান আরও বলেন, জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন, স্বাস্থ্য, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা ও শিক্ষা দপ্তরের সহযোগিতায় পিএলভিএসগণ গোমতী জেলার বন্যা দুর্গত বালক, বালিকা ও বয়স্কদের মধ্যে টি-শার্ট, প্যান্ট, ফ্রক, গামছা, সেনিটারি কিডস, ঔষধ প্রদান করেছেন৷ যা সত্যিই প্রশংসার দাবি রাখে।
এ উদ্যোগে রাজ্যের অন্য জেলার পিএলভিএস-রা যেমন উৎসাহিত হয়েছেন তেমনি দেশেও এই উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করেছে৷ তিনি বলেন, পরার্থে সেবা মহৎ গুণ। একে কথায় নয়, বাস্তবে তারা পরিণত করেছেন। তিনি বলেন, পিএলভিএসগণ সারা বছরব্যাপী বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেন৷ একে অব্যাহত রাখতে হবে৷
এছাড়া বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী। তাছাড়াও বক্তব্য রাখেন সদর মহকুমা আইনসেবা কমিটির সদস্য সচিব পিয়ুষ প্রিয়দর্শী। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা ও দায়রা বিচারপতি এস শর্মা রায়, ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উপসচিব অনিন্দিতা দেবরায় প্রমুখ। অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের দ্বারা তৈরী ত্রিপুরার সামাজিক রূপরেখা নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এটি বিচারপতি টি অমরনাথ গৌড়ের নির্দেশনায় তৈরী করা হয়েছে।









