ঊনকোটি জেলাভিত্তিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪তম জন্মবার্ষিকী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেখানো পথেই আমাদের এগিয়ে যেতে হবে : তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৬ সেপ্টেম্বর,২০২৪: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে নৈতিক শিক্ষা আমাদের মধ্যে দিয়ে গেছেন তা সমাজের মধ্যে আরও বেশী করে ছড়িয়ে দিতে হবে৷ বিদ্যাসাগর যে জ্ঞানের আলো প্রজ্জ্বলিত করেছেন তা শুধু বইয়ের মধ্যে চাপা পরে থাকলেই চলবে না। তাঁর দেখানো পথেই আমাদের এগিয়ে যেতে হবে৷ তাহলেই মানুষে মানুষে হানাহানি ও ভেদাভেদ দূর হবে৷

ফটিকরায়ের আম্বেদকর মহাবিদ্যালয়ে ঊনকোটি জেলাভিত্তিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস৷ উনকোটি জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে ও আম্বেদকর মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনায় মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে আজ আয়োজিত হয় জেলাভিত্তিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মজয়ন্তী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস বলেন, শুধু শিক্ষার আলোই নয়, বিধবা বিবাহ প্রচলন, নারী শিক্ষা প্রসারের মোতো সমাজ সংস্কারকের কাজের জন্য বিদ্যাসাগর সবার কাছে প্রাত স্মরণীয়। বিদ্যাসাগর বলেছিলেন, বিদ্যা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ৷ এর মধ্য দিয়ে শুধু একজনের নয়, গোটা সমাজের উন্নতি হয়।

তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র সুরক্ষিত রাখতে, কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে, আমাদের কৃষ্টি ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে বিদ্যাসাগরের দেখানো পথে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ড. মলয় দেব বলেন, বিদ্যাসাগর মনে করতেন শিক্ষা প্রসারের মধ্য দিয়ে জাতির উন্নতি করা যায়, নৈতিক শিক্ষায় শিক্ষিত করা যায়।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, সমাজসেবী পবিত্র দেবনাথ। উপস্থিত ছিলেন রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রীতম বিশ্বাস। সভাপতিত্ব করেন আম্বেদকর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সুব্রত শৰ্মা। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা বিশ্বজিৎ দেব৷

অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাসের হাতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সুব্রত শর্মা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে ২৫ হাজার ৭৫০ টাকার চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দুর্গত মানুষের সাহার্যে তুলে দেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মজয়ন্তী অনুষ্ঠানের পূর্বে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস আম্বেদকর মহাবিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের উদ্বোধন করেন।

Recent Posts