জনজাতি সাংস্কৃতিক সংস্থাগুলিকে পরম্পরাগত অলঙ্কার ও বাদ্যযন্ত্র, জনজাতিদের কৃষ্টি সংস্কৃতির বিকাশে সরকার উদ্যোগ নিয়েছে : জনজাতি কল্যাণমন্ত্রী

অনলাইন ডেস্ক, ৩০ সেপ্টেম্বর,২০২৪: ট্রাইবেল রিসার্চ অ্যান্ড কালচারেল ইনস্টিটিউটের উদ্যোগে রাজ্যের ৩৯টি বিভিন্ন জনজাতি সাংস্কৃতিক সংস্থাকে পরম্পরাগত অলঙ্কার, বাদ্যযন্ত্র, নৃত্যের আনুষঙ্গিক সামগ্রী ও পরিধেয় বস্ত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উপলক্ষে আজ সুপারিবাগানস্থিত ট্রাইবেল রিসার্চ অ্যান্ড কালচারেল ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ১৩টি জনজাতি সংস্থাকে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।

এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জনজাতিদের কৃষ্টি সংস্কৃতির বিকাশে সরকার উদ্যোগ নিয়েছে। ২০২১-২২ অর্থবছরে ১১টি জনজাতি সাংস্কৃতিক সংস্থাকে ৩০ লক্ষ টাকা ব্যয়ে, ২০২২-২৩ অর্থবছরে ৩০টি জনজাতি সংস্থাকে ৪০ লক্ষ টাকা ব্যয়ে এই ধরনের সামগ্রী প্রদান করা হয়েছে।

2022-24 অর্থবছরে ৫০ লক্ষ টাকা ব্যয়ে এই ৩৯টি জনজাতি সাংস্কৃতিক সংস্থাকে পরিধেয় বস্ত্র, অলঙ্কার, বাদ্যযন্ত্র, নৃত্যের আনুষঙ্গিক সামগ্রী প্রদান করার উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা আরও বলেন, ২০১৮ সালে বর্তমান সরকার নির্বাচিত হওয়ার পর রাজ্যের যুব সমাজকে স্বনির্ভর করার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন এই ধরনের সামগ্রী বিতরণে রাজ্য সরকারের উদ্যোগ জনজাতিদের মধ্যে নিজস্ব সংস্কৃতি সম্পর্কে যেমন সচেতনতা বৃদ্ধি করবে তেমনি রোজগারের বিভিন্ন মাধ্যমও সৃষ্টি করবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাইবেল রিসার্চ অ্যান্ড কালচারেল ইনস্টিটিউটের অধিকর্তা আনন্দহরি জমাতিয়া।

Recent Posts