অনলাইন ডেস্ক, ১৭ অক্টোবর, ২০২৪: উত্তর ত্রিপুরা জেলার সমগ্র কাঞ্চনপুর মহকুমায় শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও সম্প্রীতি অটুট রাখতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩-এর ১৬৩ নং ধারায় জনসাধারণের চলাচলের উপর বিধিনিষেধের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন আদেশে এই বিধিনিষেধ আগামী ১৮ অক্টোবর, ২০২৪ থেকে ১৯ অক্টোবর, ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
উল্লেখ্য, ইতিপূর্বে জারি করা আদেশে ১৭ অক্টোবর, ২০২৪ পর্যন্ত তা বলবৎ ছিল। কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসক ড. দীপক কুমার এক আদেশে এই বিধিনিষেধের সময়সীমা বৃদ্ধি করেছেন। এই আদেশে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, আগ্নেয়াস্ত্র, ব্যানার, লাঠি, তরোয়াল, বর্শা, ইটপাটকেল ইত্যাদি অস্ত্র বহন, মিছিল অথবা ধর্নায় বসা, কাঞ্চনপুর মহকুমার যেকোন স্থানে জমায়েতে বক্তব্য রাখা ইত্যাদির উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এই বিধিনিষেধ সামরিক/আধা সামরিক/রাজ্য পুলিশের জওয়ানদের ক্ষেত্রে যারা আইন শৃঙ্খলা রক্ষায় নিযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কার্যকর হবেনা৷ তাছাড়া উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার, কাঞ্চনপুর মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক এবং কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসকের বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, জরুরী সরকারি কাজে নিযুক্ত সরকারি কর্মচারি, তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিদের ক্ষেত্রেও এই আদেশ প্রযোজ্য হবেনা। এই আদেশ অমান্য করলে বিএনএস, ২০২৩-এর ২২৩নং ধারায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে৷
এই আদেশে জনসাধারণের জন্য জরুরী কাজে কয়েকটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। এই হেল্পলাইন নম্বরগুলি হলো স্বাস্থ্য পরিষেবার জন্য-১০২/১১২ (সেন্ট্রাল হেল্পলাইন) এবং ৮৪১৩৯৯১৭৮৭ (কাঞ্চনপুর মহকুমা হাসপাতাল)। ফায়ার সার্ভিসের হেল্পলাইন 03824265240। অন্যান্য জরুরী কাজে হেল্পলাইন নম্বর হচ্ছে ১১২।









