খোয়াই জেলায় উন্নয়ন কর্মসূচি নিয়ে পর্যালোচনা সভায় কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১৭ অক্টোবর, ২০২৪: বিদেশ ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা আজ খোয়াইয়ের তুলাশিখর ব্লকের পশ্চিম চাম্পাছড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবনির্মিত বাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী খোয়াই মহকুমার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ঘুরে দেখেন এবং উন্নয়নমূলক কাজের অগ্রগতির বিষয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা সভায় মিলিত হন।

খোয়াই জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই পর্যালোচনা সভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা বলেন, উত্তর পূর্বাঞ্চলের জনগণের উন্নয়নে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে। কেন্দ্রীয় বাজেটে এই অঞ্চলের উন্নয়নের জন্য বাজেট বরাদ্দও বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের মাধ্যমে জনকল্যাণে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে।

রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প রূপায়ণে জনগণকে দেশপ্রেমের ভাবনা নিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। পর্যালোচনা সভায় খোয়াই জেলার জেলাশাসক চান্দনী চন্দ্রন পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের চিত্র কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন।

পর্যালোচনা সভায় খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী, হস্ততাঁত, হস্তকার ও রেশম শিল্প দপ্তরের অধিকর্তা অরুণ কুমার, কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের ডেপুটি ডিরেক্টর অর্ণব চৌধুরী, খোয়াই মহকুমার মহকুমা শাসক চারু শর্মা, তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক পরিমল মজুমদার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন। পর্যালোচনা সভার পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তুলাশিখর ব্লক এলাকার ভারত সর্দার পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পরিকাঠামো নির্মাণ পরিদর্শন করেন।

এই ব্লকের বিভিন্ন স্বসহায়ক দলের সদস্যাদের সাথে মতবিনিময় করেন। এরপর তিনি পশ্চিম চাম্পাছড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবনির্মিত বাড়ির উদ্বোধন করেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ৪ লক্ষ ৯৯ হাজার ৮৯০ টাকা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পরিদর্শনকালে খোয়াই জেলার জেলাশাসক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণও উপস্থিত ছিলেন।

Recent Posts