অনলাইন ডেস্ক, ১৯ অক্টোবর, ২০২৪: সোসিও-পেঁচারথল ব্লকের মাছমারায় রামগুণা চৌধুরী পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আজ দু’দিনব্যাপী ৩২তম রাজ্যভিত্তিক হজাগিরি উৎসবের উদ্বোধন হয়েছে। ব্লু কালচারেল অর্গানাইজেশনের উদ্যোগে এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়েছে।
যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় রাজ্যভিত্তিক হজাগিরি উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের তথ্য ও সংস্কৃতি বিভাগের কার্যনির্বাহী সদস্য সুহেল দেববর্মা, বিধায়ক ভগবান চন্দ্র দাস, বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক ফিলিপ কুমার রিয়াং, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, এমডিসি স্বপ্না রাণী দাস, কুমারঘাট বিএসির চেয়ারম্যান তপনজয় রিয়াং, ঊনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি সন্তোষ ধর, ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা প্রমুখ।
উদ্বোধকের ভাষণে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন, জনজাতিদের কৃষ্টি-সংস্কৃতির বিকাশে সরকার অগ্রাধিকার দিয়েছে। হজাগিরি উৎসব শুধুমাত্র হজাগিরি নৃত্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই উৎসব ব্লু সম্প্রদায়ের একটি অনুভূতি। এই উৎসবের মধ্যে ব্রু সম্প্রদায়ের জনজাতিদের আশা, ভালোবাসা ও আবেগ জড়িয়ে রয়েছে।
তিনি বলেন, ২০১৮ সালে রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জনজাতিদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে কাজ করছে সরকার। রাজ্যের জনজাতিদের কৃষ্টি-সংস্কৃতির বিকাশে বিশেষ অবদান রাখায় সত্যরাম রিয়াং, বেণীমাধব জমাতিয়া, থাঙ্গা দালংকে কেন্দ্রীয় সরকার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছে। তিনি আরও বলেন, শুধুমাত্র সংস্কৃতির ক্ষেত্রেই নয়, জনজাতিদের আর্থসামাজিক উন্নয়নের জন্য গ্রামীণ এলাকায় যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হয়েছে।
পাঠ্যসূচিতে ব্লু ভাষায় পঠন পাঠন চালু করার জন্য রাজ্য সরকার একটি কমিটিও গঠন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, রাজ্য সরকার প্রত্যেক সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে গুরুত্ব দিয়ে থাকে।
রাজ্য সরকার বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের সমাজপতিদের সাম্মানিক ভাতা দিয়ে এই সম্প্রদায়গুলিকেও সম্মানিত করছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্লু সোসিও-কালচারেল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক লালবাহাদুর রিয়াং। সভাপতিত্ব করেন সোসিও-কালচারেল অর্গানাইজেশনের সভাপতি শান্তিরাই রিয়াং।









