প্যালিয়াটিভ কেয়ার পরিষেবার সুফল পাচ্ছেন জনগণ

অনলাইন ডেস্ক, ১১ ফেব্রুয়ারী, ২০২৫ : রাজ্যের জনগণকে স্বাস্থ্য পরিষেবা প্রদানে স্বাস্থ্যকর্মীরা রাজ্যজুড়ে কাজ করে চলেছেন। চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা পরিষেবাকে শুধুমাত্র হাসপাতালের মধ্যেই সীমাবদ্ধ না রেখে বাড়িতে গিয়েও স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছেন। উল্লেখ্য, প্যালিয়াটিভ কেয়ার পরিষেবার অধীন ক্যান্সার বা অন্যান্য জটিল রোগে আক্রান্ত শয্যাশায়ী ও অসুস্থ রোগীদেরকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীর বাড়িতে গিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করছেন।

এর পাশাপাশি রোগীর ওজন ও রক্তচাপ সহ অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং বাড়ির লোকেদের রোগীকে কিভাবে খাবার দেওয়া হবে ও যত্ন করা হবে সেসব বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। এই পরিষেবার অঙ্গ হিসেবে সিপাহীজলা জেলার কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের একটি মেডিকেল টিম স্বাস্থ্যকেন্দ্রে থেকে প্রায় ৩.৫ কিমি দূরবর্তী এলাকায় ৮ ফেব্রুয়ারি শয্যাশায়ী ৮ জন ক্যান্সার রোগীর বাড়িতে গিয়ে স্বাস্থ্য পরিষেবা দিয়েছেন।

স্বাস্থ্যকর্মীরা তাদের হিমোগ্লোবিন, রক্তচাপ, ব্লাড সুগার সহ অন্যান্য পরীক্ষা করেন ও এর পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা রোগীর বাড়ির লোকেদেরকে স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ দেন। সুবিধাভোগীদের মধ্যে ছিলেন বাগাইচরের সাধন দাস (৭০ বছর), কাঁঠালিয়ার কর্ণ দেবনাথ (৪৩ বছর) ও সতিরাণী দে (৪৩ বছর), সাউথ মহেশপুরের যাইনাৎ আবেদিন (৫৫ বছর), বাঁশপুকুরের আব্দুল মল্লিক (৮৫ বছর), এয়াচীন মিয়া (৫৫ বছর) ও আলেয়া খাতুন (৪০ বছর) এবং নির্ভয়পুরের বাসিন্দা সুকুমার দেবনাথ (৫১ বছর)।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাঃ অরুণজিৎ রায়, নার্সিং অফিসার মধুসুধন নাগ, এমপিএস তাপস রায়, এমপিডব্লিও সুমেন বৈদ্য। বাড়িতে এসে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীগণ যেভাবে রোগীদেরকে পরিষেবা দিচ্ছেন তাতে মেডিকেল টিমের প্রতি রোগীর পরিজনরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে