আগরতলায় এমএমডিইউপি-র আওতায় ১০০ মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হল

অনলাইন ডেস্ক, ০৩ আগস্ট, ২০২৬: মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প (এমএমডিইউপি)-এর আওতায় আজ আগরতলার শ্যামলী বাজারে সেলাই মেশিন ও শংসাপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের ৫ নম্বর ওয়ার্ডের ১০০ জন মহিলা সেলাই-র প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর তাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, দক্ষতা উন্নয়ন দপ্তরের অধিকর্তা প্রদীপ কে, মেয়র-ইন-কাউন্সিল সদস্য সম্পা সেন ও হীরালাল দেব, ৫ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর লতা নাথ, সমাজসেবী পাপিয়া দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি জানান, আগরতলা পুরনিগমের চারটি জোন থেকে মোট ৩৮০ জন মহিলা এই সেলাই প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। নারীর ক্ষমতায়ন এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। দক্ষতা উন্নয়ন দপ্তরের অধিকর্তা প্রদীপ কে জানান, আগামী দিনে আরও সেলাইর প্রশিক্ষনের আয়োজন করা হবে। পাশাপাশি মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, ৫০ দিনের এই প্রশিক্ষণ কোর্সে মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণকালীন প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ২,০০০ টাকা ভাতা এবং জলখাবারের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর প্রত্যেক সুবিধাভোগীকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। ডেপুটি মেয়র মানিকা দাস দত্ত সুবিধাভোগীকে আত্মনির্ভর হওয়ার আহ্বান জানান। সমাজসেবী পাপিয়া দত্ত নারীর ক্ষমতায়নে সরকারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষে ধন্যবাদজ্ঞাপন করেন কর্পোরেটর লতা নাথ।