অনলাইন ডেস্ক, ০৬ অগাস্ট, ২০২৬: রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামোর মান উন্নয়নে ও শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ বিষয়ে আজ মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পর্যালোচনা সভার সভাপতি উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন জাতীয় শিক্ষানীতি এবং এর পরিপ্রেক্ষিতে রাজ্যের শিক্ষা পরিকাঠামোর মানোন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পর্যালোচনা সভায় উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেন, রাজ্য সরকার ত্রিপুরাকে শিক্ষা হাবে পরিণত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করা হচ্ছে।
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামোর উন্নয়ন, ডিজিটাল শিক্ষার সম্প্রসারণ, সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, শিক্ষার্থীদের জন্য আরও উন্নত সুযোগ সুবিধা ব্যবস্থা করার বিষয়ে উচ্চশিক্ষামন্ত্রী গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বিকশিত ত্রিপুরা গঠন করার জন্য উপযুক্ত মানবসম্পদ তৈরি করতে হবে। আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে মানবসম্পদ তৈরি করা সম্ভব। কলেজ ক্যাম্পাসগুলিকে আরও গ্রিন ক্যাম্পাস ও ক্লিন ক্যাম্পাসে পরিণত করতে হবে।
এর পাশাপাশি মাদক বিরোধী সচেতনতা সৃষ্টিতে ছাত্রছাত্রীদের আরও বেশি করে যুক্ত করতে হবে। পর্যালোচনা সভায় কলেজ ক্যাম্পাসগুলিতে পুরোপুরি সোলার লাইটের ব্যবস্থা করার জন্য বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কলেজের বাগানগুলিকে রক্ষণাবেক্ষণ এবং নতুন করে সাজিয়ে তোলার জন্য হর্টিকালচার দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। পর্যালোচনা সভায় আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, রাজ্যে আধুনিক শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে।
বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসার জন্য তিনি ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। পর্যালোচনা সভায় এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উচ্চশিক্ষা দপ্তরের সচিব বিকাশ সিং, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা, এমবিবি কলেজ, বিবিএমসি, আইন কলেজের অধ্যক্ষ, এমবিবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুমন্ত চক্রবর্তী সহ তিনটি কলেজের অধ্যাপক অধ্যাপিকাগণ এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উচ্চশিক্ষামন্ত্রী সহ অতিথিগণ এমবিবি বিশ্ববিদ্যালয়ের বাগানে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেন।








