অনলাইন ডেস্ক, ০৭ অগাস্ট, ২০২৬:‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অঙ্গ হিসেবে ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশব্যাপী ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের সূচনা করেছিলেন। এবছর ‘হর ঘর তিরঙ্গা’-র পঞ্চম সংস্করণ আগামী ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত উদযাপিত হবে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্যে এই সংবাদ জানান।
সাংবাদিক সম্মেলনে তিনি জানান, হর ঘর তিরঙ্গা কর্মসূচি নাগরিকদের নিজ নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহিত করে। পাশাপাশি এর লক্ষ্য হলো জাতীয় পতাকার সাথে ব্যক্তিগত সংযোগ গড়ে তোলা, স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানানো ও গভীর দেশপ্রেম জাগ্রত করা। এবছর উদযাপন ও কার্যক্রমগুলি ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উদযাপনের প্রতি উৎসর্গ করা হবে। ‘হর ঘর তিরঙ্গা’ ২০২৬-এর কর্মসূচিগুলির মধ্যে রয়েছে তিরঙ্গা র্যালি (শোভাযাত্রা), প্রদর্শনী, তিরঙ্গা কনসার্ট, বিভিন্ন জেলা, ব্লক ও পঞ্চায়েত এলাকায় বাইক ও সাইকেল র্যালি, ত্রিবর্ণরঞ্জিত আলোকসজ্জা, সাজসজ্জা ও রঙ্গোলি, ‘বন্দে মাতরম’-এর চেতনার প্রতি ‘তিরঙ্গা স্যালুট’, তিরঙ্গার সাথে সেলফি ইত্যাদি।
তিনি জানান, আগামী ১১ আগস্ট বিকেল ৪টা ৩০ মিনিটে রাজ্য স্তরের ‘হর ঘর তিরঙ্গা’ র্যালির আয়োজন করা হবে। মুখ্যমন্ত্রী এই র্যালির সূচনা করবেন। র্যালিটি উজ্জয়ন্ত প্রাসাদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলি পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গিয়ে পৌঁছাবে। এছাড়া এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তিরঙ্গা প্রদর্শনী ও তিরঙ্গা কনসার্টেরও আয়োজন করা হবে। রাজ্য স্তরের পাশাপাশি প্রতিটি জেলাতেও এই সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হবে। ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে ছাত্রছাত্রী, যুবসমাজ, ক্লাব এবং এনজিও-দের অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিগত বছরগুলির মতো এবারও আমাদের রাজ্যে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে অত্যন্ত সফল করে তুলতে রাজ্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে। সাংবাদিক সম্মেলনে এছাড়াও তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য উপস্থিত ছিলেন।








