হর ঘর তিরঙ্গা: কল্যাণপুরে তিরঙ্গা র‍্যালি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক,১১ আগস্ট, ২০২৬:  ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অঙ্গ হিসেবে গতকাল কল্যাণপুর ব্লকের উদ্যোগে এক বর্ণাঢ্য তিরঙ্গা র‍্যালির আয়োজন করা হয়। জাতীয় পতাকা হাতে নিয়ে দেশাত্মবোধক স্লোগানে র‍্যালিতে অংশ নেন বিভিন্ন স্তরের মানুষ। র‍্যালিতে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সৌমেন গোপ, আত্মা কমিটির চেয়ারম্যান নিতাই বল, এলাকার বিশিষ্ট সমাজসেবী অসীম দেবরায় সহ কল্যাণপুর ব্লকের অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের অন্তর্গত বিভিন্ন স্ব-সহায়ক গোষ্ঠীর সদস্য-সদস্যা, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, কল্যাণপুর ব্লক কার্যালয়ের কর্মী, ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের কল্যাণপুর ইউনিটের সদস্য-সদস্যা এবং বিভিন্ন দপ্তরের অধিকারিকগণ। কল্যাণপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে কল্যাণপুর বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় এই বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালির শুরুতে বিধায়ক পিনাকী দাস চৌধুরী কল্যাণপুর বাজার এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসু এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন।

এছাড়াও কল্যাণপুর ব্লক কার্যালয় প্রাঙ্গণে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সৌমেন গোপ ড. বি. আর. আম্বেদকরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন।
র‍্যালি শেষে আলোচনায় অংশ নিয়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন, জাতীয় পতাকা আমাদের দেশের গৌরব, স্বাধীনতা ও ঐক্যের প্রতীক। ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির মাধ্যমে দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বার্তা প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। এই কর্মসূচিতে সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য তিনি আহ্বান জানান। ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সর্বস্তরে পৌঁছে দিতে কল্যাণপুর ব্লক কার্যালয় প্রাঙ্গণ, কল্যাণপুর বাজার এবং মোহরছড়া বাজার এলাকায় জাতীয় পতাকা বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। পাশাপাশি ব্লক কার্যালয় প্রাঙ্গণে একটি সেলফি পয়েন্ট স্থাপন করা হয়েছে। এছাড়াও আগামী ১৩ আগস্ট কল্যাণপুর ব্লক কার্যালয় সহ ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিল-এ ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে রঙ্গোলি অঙ্কন করা হবে। দেশাত্মবোধ ও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধার বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই অভিযান আগামী ১৭ আগস্ট পর্যন্ত চলবে।

Recent Posts