অনলাইন ডেস্ক,১১ আগস্ট, ২০২৬: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা। রাজ্যের পর্যটন স্থানগুলির পরিকাঠামো উন্নয়ন ও পরিষেবা নিশ্চিত করতে উন্নয়নমূলক কাজগুলি সঠিক সময়ের মধ্যে শেষ করতে হবে। রাজ্যে ঐতিহাসিক ও প্রাকৃতি পর্যটন কেন্দ্রগুলিতে রাজ্য সরকার পর্যটকদের জন্য আধুনিক পরিষেবা গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে। আজ সচিবালয়ে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী নিজ অফিস কক্ষে ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের বোর্ড অব ডিরেক্টর্স-এর ৪০তম সভায় সভাপতিত্ব করে একথা বলেন।
সভায় পর্যটনমন্ত্রী মাতাবাড়ি সার্কিট প্রজেক্ট, অমরসাগর লেইক, ডম্বুর জলাশয়ের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খোঁজখবর নেন। পর্যটকদের জন্য নীরমহল ও ছবিমুড়ায় ভাসমান রেস্টুরেন্ট নির্মাণ প্রকল্প, বিভিন্ন স্থানে ট্যুরিস্ট লজ নির্মাণ ও সংস্কারের বিষয়ে খোঁজখবর নেন। ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের বর্তমান আর্থিক অবস্থারও খোঁজখবর নেন তিনি। সভায় ত্রিপুরা পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা ও দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগী ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের ৩৯তম বোর্ড অফ ডিরেক্টর্স-এর সভার বিভিন্ন সিদ্ধান্তের ভিত্তিতে নেওয়া পদক্ষেপগুলি সহ পর্যটন নিগমের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও আয় ও ব্যয় সম্পর্কে পর্যটনমন্ত্রীকে অবহিত করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব পি কে গোয়েল, প্রধান মুখ্য বনসংরক্ষক আর কে সামাল, পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার অনুপ কুমার দাস, স্বরাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি হেনা দেববর্মা সহ অন্যান্য আধিকারিকগণ।









