স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আর্থিক অবস্থা উন্নতির ক্ষেত্রে পশুপালন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে: রাজ্যপাল

অনলাইন ডেস্ক,১১ আগস্ট, ২০২৬:রাজ্যপাল ইন্দ্র সেনা রেডিড নাল্লু আজ বিকেলে জম্পুইজলা ব্লকের অন্তর্গত কানুরাম পাড়ায় ইস্ট টাকারজলা ভিলেজ কাউন্সিলের অধীনে একটি স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত আধুনিক শূকর প্রজনন খামার পরিদর্শন করেন। পরিদর্শনকালে রাজ্যপাল আধুনিক শূকর প্রজনন খামারটি ঘুরে দেখেন। ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন-এর আধিকারিকগণ শূকর প্রজনন খামারটির পরিচালনা সম্পর্কে তাঁকে বিস্তারিতভাবে অবহিত করেন। রাজ্যপাল ক্লাস্টার লেভেল ফেডারেশন এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন কাজকর্ম ও জীবন জীবিকার বিষয়েও খোঁজখবর নেন।

সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে রাজ্যপাল স্বনির্ভর গোষ্ঠীগুলিকে পশুপালনভিত্তিক জীবিকা গ্রহণে উৎসাহিত করেন। এরমধ্যে শূকর পালন, হাঁস পালন, ছাগল পালন এবং পোলট্রি চাষের মতো উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন তিনি। তিনি বলেন, এই ধরনের জীবিকার ভিত্তি শক্তিশালী করা, নিয়মিত আয়ের ব্যবস্থা করা এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আর্থিক অবস্থা উন্নত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। পরিদর্শনকালে জম্পুইজলা মহকুমার এসডিএম অমিতাভ চাকমা, জম্পুইজলা আর.ডি. ব্লকের বিডিও রবার্ট এল, ডার্লং এবং ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন ও প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর-এর আধিকারিকগণ উপস্থিত ছিলেন। লোকভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts