অনলাইন ডেস্ক,১১ আগস্ট, ২০২৬:রারাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত, আত্মবিশ্বাসী ও আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে অবদান রাখার আহ্বানও জানান তিনি। আজ সন্ধ্যায় সিপাহিজলা জেলার জেলাশাসক ও সমাহর্তার কার্যালয় প্রাঙ্গণে জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের কার্যালয় এবং তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত হর ঘর তিরঙ্গা ও তিরঙ্গা কনসার্ট-এ উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।
রাজ্যপাল বলেন, ২০৪৭ সালের ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন শুধুমাত্র সরকারের পক্ষে একা বাস্তবায়ন করা সম্ভব নয়। এই লক্ষ্য অর্জনের জন্য দেশের প্রতিটি নাগরিকের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও দেশপ্রেম প্রয়োজন। তিনি বলেন, হর ঘর তিরঙ্গা অভিযানের সাফল্য শুধু সরকার বা সরকারি আধিকারিকদের ওপর নির্ভর করে না, এর জন্য ভারতের জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলকে পূর্ণ উৎসাহ ও দেশাত্মবোধের সঙ্গে এই অভিযানে অংশগ্রহণ করার আহ্বান জানান।
রাজ্যপাল নাগরিকদের নিজেদের বাড়ি, কর্মস্থল, দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে গর্বের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানান। তিনি বলেন, সিপাহিজলা ও ত্রিপুরার আকাশে তেরঙ্গা পতাকা গর্বের সঙ্গে উড়তে থাকা উচিত। এই পতাকা সবাইকে লক্ষ লক্ষ ভারতীয়ের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়, যাঁরা দেশের মানুষকে স্বাধীনভাবে বাঁচার সুযোগ করে দিতে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন।
তিনি নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’-র সরকারি পোর্টালে গিয়ে জাতীয় পতাকার সঙ্গে নিজেদের সেলফি আপলোড করার এবং অংশগ্রহণের শংসাপত্র ডাউনলোড করারও আহ্বান জানান। পাশাপাশি, #HarGharTiranga এবং #HGT2026 হ্যাশট্যাগ ব্যবহার করে সামাজিক মাধ্যমে নিজেদের অংশগ্রহণের ছবি ও তথ্য শেয়ার করতে তিনি উৎসাহিত করেন। তিনি বলেন, এই ধরনের অংশগ্রহণ প্রতিবেশী, বন্ধু এবং দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকেও অনুপ্রাণিত করবে। তিনি বলেন, বিশ্বকে দেখতে দিন যে ভারতের চেতনা প্রতিটি ঘরে, প্রতিটি গ্রামে এবং প্রতিটি হৃদয়ে জীবন্ত ও প্রাণবন্ত হয়ে রয়েছে। রাজ্যপাল এই অভিযানের অংশ হিসেবে আয়োজিত বিভিন্ন স্থানীয় কর্মসূচিতেও সক্রিয়ভাবে অংশ নেবার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি নাগরিকদের গর্বের সঙ্গে ‘বন্দে মাতরম্’ গাওয়ার এবং মাতৃভূমির গৌরব উদযাপনে ঐক্যবদ্ধভাবে সামিল হওয়ার আহ্বান জানান।
সিপাহিজলা জেলার জেলাশাসক ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পুলিশ সুপার বিজয় দেববর্মাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপাহিজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। জেলার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিগণ, ছাত্রছাত্রী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিপাহিজলার স্থানীয় শিল্পীরাও অনুষ্ঠানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। লোকভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।









