অনলাইন ডেস্ক, ২০ আগস্ট, ২০২৬: রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে গত ১৮ আগস্ট কৈলাসহরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে মেগা জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত হয়। এই জব ফেয়ারের মূল উদ্দেশ্য ছিল দক্ষ বেকার যুবক-যুবতীদের সঙ্গে নিয়োগ কর্তাদের মধ্যে সংযোগ স্থাপন, নিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ প্রদানের জন্য একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা উৎসাহের সঙ্গে এই কর্মসংস্থান মেলায় অংশগ্রহণ করেন। এই জব ফেয়ারে রাজ্যের অভ্যন্তরীণ ও বহিরাজ্যের মোট ১১টি স্বনামধন্য নিয়োগকারী সংস্থা অংশগ্রহণ করে।
ত্রিপুরার পাশাপাশি এশিয়া, ইউরোপ, তামিলনাডু, কর্ণাটক ও মহারাষ্ট্রের বিভিন্ন সংস্থাও এতে অংশ নেয়। অংশগ্রহণকারী সংস্থাগুলি বিভিন্ন ক্ষেত্র ও পদে সম্মিলিতভাবে প্রায় ৯০০০-এরও বেশি পদে চাকুরীর সংস্থান রেখেছে। এই মেগা জব ফেয়ারে প্রায় ৯১৬ জন চাকরি প্রার্থী অংশগ্রহণ করেন। দিনভর তারা নিয়োগ প্রক্রিয়া, সাক্ষাৎকার এবং নিয়োগকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নেন। ত্রিপুরার বিভিন্ন জেলার প্রার্থীরা এই সুযোগ গ্রহণ করে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কে জানার পাশাপাশি নিয়োগকারী সংস্থাগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন। এর চূড়ান্ত ফলাফল আগামী ১০ দিনের মধ্যে প্রকাশ করা হবে।
এই মেগা জব ফেয়ারের সফল আয়োজন ত্রিপুরার যুবসমাজের কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধির ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। এই উদ্যোগ দক্ষ মানব সম্পদকে শিল্পের চাহিদার সঙ্গে যুক্ত করতে, উপার্জনমূলক কর্মসংস্থান সৃষ্টি করতে এবং রাজ্যের আর্থ-সামাজিক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ত্রিপুরার দক্ষ যুবক-যুবতীদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণের জন্য দক্ষতা উন্নয়ন অধিদপ্তর প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের অধিকর্তা প্রদীপ কে এই সংবাদ জানিয়েছেন।








