পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ২০ আগস্ট, ২০২৬: পশ্চিম ত্রিপুরা জেলাশাসক অফিসের কনফারেন্স হলে আজ পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বিষ্ণুধন দাস। সভায় জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ সংশ্লিষ্ট স্থায়ী কমিটির অন্যান্য সদস্য-সদস্যাগণ, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সচিব ক্ষীরোদ দেববর্মা এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। সভায় শিক্ষা দপ্তরের আধিকারিক জানান, চলতি আগস্ট মাস থেকে পশ্চিম জেলার প্রতিটি বিদ্যালয়ের বালিকা মঞ্চের কার্যবিবরণী রিপোর্ট বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা দপ্তরে পাঠাবে।

পশ্চিম জেলার অন্তর্গত পিএমশ্রী এডিনগর ইংরাজী মাধ্যম বিদ্যালয়ে নতুন কক্ষ নির্মাণ, বড়দোয়ালী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বাউন্ডারি, শেড ঘর, গ্যালারি নির্মাণ, নেতাজী বিদ্যাভবন বিদ্যালয়ের পারিপার্শ্বিক নির্মাণ, চারিপাড়া স্কুল ও হাঁপানিয়া স্কুলে নতুন ভবন নির্মাণ কাজের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ২১ আগস্ট পিএমশ্রী এডিনগর ইংরেজী মাধ্যম বিদ্যালয়ে নির্মাণ কাজের শিলান্যাস এবং উল্লেখিত অন্যান্য বিদ্যালয়ের নির্মাণ কাজগুলিরও ভার্চুয়াল উদ্বোধন করা হবে। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের আধিকারিক জানান, পশ্চিম জেলার অন্তর্গত বিভিন্ন জায়গায় বাল্যবিবাহ রোধে এবং নেশা বিরোধীর কর্মসূচির বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

পশ্চিম জেলার অন্তর্গত মতিনগর স্কুলে ইতিমধ্যে মেয়েদের শিক্ষার প্রতি গুরুত্ব, সামাজিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা বৃদ্ধির লক্ষ্যে, বাল্যবিবাহ রোধ ও নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক জানান, আগস্ট মাসে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাণীরবাজারে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক লালন উৎসবের আয়োজন করা হবে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের আধিকারিক জানান, ২০ আগস্ট থেকে বাধারঘাটস্থিত দশরথ দেব স্মৃতি মাঠে অ্যাথলেটিক্স ও দাবা খেলার তিনদিন ব্যাপী রাজ্যভিত্তিক বিদ্যালয়স্তরের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

Recent Posts