অনলাইন ডেস্ক, ২০ আগস্ট, ২০২৬: দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সের দেবভক্তি জমাতিয়া সিন্থেটিক ট্র্যাকে আজ থেকে তিনদিন ব্যাপী রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। তিনদিন ধরে এই প্রতিযোগিতায় অনুর্দ্ধ ১৪, ১৭, ১৯ বছরের বালক বালিকাদের অ্যাথলেটিক্স ও অনুর্দ্ধ ১৪ ও ১৭ বছরের বালক বালিকাদের দাবার ম্যাচগুলি হবে। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ড আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। তিনি তার উদ্বোধনী ভাষণে বলেন, খেলাধুলার প্রসারে রাজ্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। এই প্রতিযোগিতার আয়োজন তারই অঙ্গ। রাজ্যের ছেলেমেয়েরা মাঠে নেমে তাদের প্রতিভার যথাযথ বিকাশ যাতে ঘটাতে পারেন এবং বিভিন্ন জায়গায় রাজ্যের মুখ উজ্জ্বল করতে পারেন সেজন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের সভাপতি অভিজিৎ মল্লিক, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায় প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা অমলেন্দু শীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের সাধারণ সম্পাদক তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ ও যুগ্ম সচিব স্বপন সাহা। অনুষ্ঠানে খেলোয়াড়দের শপথবাক্য পাঠ করান ত্রিপুরা স্পোর্টস স্কুলের প্রাক্তন ছাত্রী মৌসুমী দেব।









