অনলাইন ডেস্ক, ০৩ সেপ্টেম্বর, ২০২৬: উন্নয়নের সুফল সমাজের একেবারে অন্তিম ব্যক্তির কাছে গিয়ে যেন পৌছায় সেই লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে। উন্নয়ন কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। প্রতিটি প্রকল্পের অর্থ যেন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে সঠিক ভাবে ব্যবহৃত হয় তা সুনিশ্চিত করার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে জিলা পরিষদের। জিলা পরিষদ এই কাজটি দায়িত্বের সঙ্গে পালন করছে। আজ পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কনফারেন্স হলে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের এক বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল একথা বলেন।
তিনি বলেন, আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার জন্য প্রত্যেকটা পঞ্চায়েত যেন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে সেজন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করছে জিলা পরিষদ। আগামীদিনে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদ শ্রেষ্ঠ জিলা পরিষদ হিসেবে আত্মপ্রকাশ করবে এবং প্রতিটি পঞ্চায়েত বিভিন্ন ক্ষেত্রে আত্মনির্ভর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সভায় পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার এবং বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। সভায় ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান নামক একটি বুকলেটের আবরণ উন্মোচন করেন জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল।









