অনলাইন ডেস্ক, ২৮ সেপ্টেম্বর, ২০২৬: সম্প্রতি উত্তর ত্রিপুরা জেলার শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত টঙ্গীবাড়ি সাব-সেন্টারের অধীনস্থ সাবাজপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান’ উপলক্ষ্যে এক বিশেষ আয়ুষ স্বাস্থ্য শিবির ও স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। গ্রামীণ এলাকার মানুষের দ্বারে দ্বারে উন্নত ও গুণমানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়। মোট ৩৬ জন রোগী আজকের শিবিরে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
শিবিরটিতে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃ মৌটুসী দেববর্মা উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং পরামর্শ প্রদান করেন। চিকিৎসা কার্যক্রমে তাঁকে সহায়তা করেন ১ জন মাল্টি পারপাস ওয়ার্কার (MPW) এবং ২ জন আশা কর্মী। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি এদিনের শিবিরে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা ও রোগ প্রতিরোধ বিষয়ে এক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। উপস্থিত গ্রামবাসীদের সামনে বিস্তারিত আলোচনা করা হয়।
শিবিরে অসংক্রামক রোগ উচ্চ রক্তচাপ, বহুমূত্র (ডায়াবেটিস)-এর মতো অসংক্রামক রোগের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। ডায়রিয়া প্রতিরোধ ও প্রতিকার: বর্ষা ও পরবর্তী সময়ে বিশুদ্ধ পানীয় জলের ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ডায়রিয়া হলে ওআরএস এর ব্যবহার সম্পর্কে তথ্য দেওয়া হয়। এইচপিভি ভ্যাকসিন জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধের জন্য এইচপিভি টিকাকরণের গুরুত্ব সম্পর্কে মহিলাদের বিশেষভাবে সচেতন করা হয়। সান স্ট্রোক বা প্রখর উত্তাপের প্রভাব: অতিরিক্ত গরমে সান স্ট্রোক বা হিট স্ট্রোক এড়ানোর উপায় এবং তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।গ্রামীণ এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণের এই উদ্যোগ স্থানীয় মানুষের মনে নতুন আশার আলো সঞ্চার করেছে। স্বাস্থ্য পরিষেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ায় জন্য উপস্থিত সকল গ্রামবাসী স্বাস্থ্য বিভাগ এবং রাজ্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। উত্তর ত্রিপুরা জেলার মুখ্য চিকিৎসা আধিকারিকের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।








