ডাকার(সেনেগাল), ৪ নভেম্বর : সোমবার ডাকার ২০২৬ যুব অলিম্পিক গেমসের চতুর্থ দিনে ভারত তাদের পদক জয়ের সূচনা করেছে , যেখানে খুশবু রাজাকভাই দারজাদা মহিলাদের জুডো ৬৩ কেজিতে রৌপ্য এবং ধিনিধি দেশিংহু মহিলাদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে একটি ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জিতেছেন। ১৫ বছর বয়সী খুশবু যুব অলিম্পিক গেমসে পদক জয়ী দ্বিতীয় ভারতীয় জুডোকা হিসেবে জার্মানির জোলিনা রাইনহোল্ডের কাছে রানার-আপ হন, যিনি ইপ্পনের মাধ্যমে ফাইনাল জেতেন। থাংজাম তাবাবি দেবী প্রথম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন ২০১৮ সালে বুয়েনস আইরেসে। মহিলাদের ৪৪ কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছিলেন তিনি। এর আগে দিনের শুরুতে, ধিনিধি দেশিংহু মহিলাদের ১০০ মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জিতে যুব অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে ইতিহাস গড়েন । ধিনিধি ফাইনালে ৫৬.২৭ সেকেন্ড সময় নিয়ে নিজের গড়া জাতীয় রেকর্ডটি ০.৪০ সেকেন্ডে উন্নত করেছেন। এর আগে চলতি বছরের শুরুতে জাতীয় অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে তিনি ৫৬.৬৭ সেকেন্ড সময় করেছিলেন। ক্রোয়েশিয়ার আনা বোবানোভিচ ৫৫.৮৯ সেকেন্ডে স্বর্ণপদক এবং নিউজিল্যান্ডের অ্যালিসা লসন ৫৬.১৩ সেকেন্ডে রৌপ্যপদক জিতেছেন। প্রতিযোগিতার পরবর্তী পর্যায়ে মহিলাদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলি এবং ২০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবেন ধিনিধি। তাতে তার পদক সংখ্যা বাড়ানোর সুযোগ আছে। এদিকে, রবিবার পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাই ফাইনালে চতুর্থ স্থান অধিকার করে তীর্থঙ্ক পেগু অল্পের জন্য সাঁতারে পদক হাতছাড়া করেছেন। তিনি ৫৪.৯৮ সেকেন্ড সময় নিয়ে মাত্র ০.২৭ সেকেন্ডের জন্য পদক থেকে বঞ্চিত হন। দুইবারের অলিম্পিয়ান শ্রীহরি নটরাজ প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে যুব অলিম্পিকের ফাইনালে পৌঁছেছিলেন এবং ২০১৮ সালের বুয়েনস আইরেসে পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ষষ্ঠ স্থান অধিকার করেন। মঙ্গলবার ভারতের সামনে আরও একটি পদক জেতার সুযোগ থাকবে, কারণ রাজকুমারী লানচেনবি চানু মহিলাদের উশু তাওলু চাংকুয়ান সম্মিলিত ফাইনালে উঠেছেন।









