দূষণে নাজেহাল দিল্লি; বাতাসের গুণমান ‘গুরুতর’, কার্যকর গ্র্যাপ-২

নয়াদিল্লি, ৪ নভেম্বর :  নভেম্বরের শুরুতেই দিল্লির বাতাস বিপজ্জনক মাত্রায় দূষিত হয়ে পড়েছে। বুধবার সকালে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বায়ুর গুণমান সূচক (একিউআই) নেমে গিয়েছে ‘গুরুতর’ ও ‘অত্যন্ত উদ্বেগজনক’ পর্যায়ে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি)-র তথ্য অনুযায়ী, এদিন সকালে দিল্লির ইন্ডিয়া গেট এবং শুনহরি বাগ রোড সংলগ্ন এলাকায় একিউআই পৌঁছে যায় ৪১৪-এ, যা পরিবেশ বিজ্ঞানের পরিভাষায় ‘গুরুতর’।

অন্যদিকে, অক্ষরধাম মন্দির সংলগ্ন এলাকায় একিউআই রেকর্ড করা হয়েছে ৩০৫, যা ‘অত্যন্ত খারাপ’ হিসেবে চিহ্নিত। ঘন ধোঁয়াশা এবং বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণার মাত্রা বৃদ্ধি পাওয়ায় দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যায় পড়তে হচ্ছে পথচলতি মানুষ ও নিত্যযাত্রীদের। দূষণের এই মারাত্মক পরিস্থিতি মোকাবিলায় রাজধানী জুড়ে কার্যকর করা হয়েছে গ্র্যাপ-২ বিধিনিষেধ। এর অধীনে দূষণ সৃষ্টিকারী যানবাহনের শহরে প্রবেশের ওপর কঠোর কড়াকড়ি আরোপ করা হয়েছে। বুধবার সকাল থেকেই গাজীপুর সীমান্ত-সহ দিল্লির একাধিক প্রবেশদ্বারে নাকা চেকিং শুরু করেছে দিল্লি পুলিশ। বিধিনিষেধ অমান্যকারী গাড়িগুলির গতিবিধি নিয়ন্ত্রণ এবং নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক নজরদারি চালানো হচ্ছে।