আগরতলা, ৫ নভেম্বর : আগরতলা রেলস্টেশনে মাত্র ২০ টাকার পার্কিং ফি নিয়ে এক মহিলা যাত্রীর সাথে পার্কিং কর্মীদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে ঘিরে বুধবার স্টেশন এলাকায় বেশ উত্তেজনা সৃষ্টি হয়। ভুক্তভোগী যাত্রী নীলাঞ্জনা ভট্টাচার্যের অভিযোগ, পার্কিং বিভাগের কর্মীরা তাঁকে ধাক্কা মারা, চুল টেনে ধরা, প্রহার করা ছাড়াও অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করেছে। ঘটনার পর অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের ও কড়া আইনি পদক্ষেপের দাবি জানিয়ে তিনি প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগকারীর দাবি, বুধবার আগরতলা রেলস্টেশনে যাওয়ার পথে তিনি একটি অটো থেকে নামেন। অটোটিকে কোনও পার্কিং এলাকায় দাঁড় করানো হয়নি। স্টেশনের প্রবেশপথ থেকে প্রায় ৫০ মিটার দূরে অটোটি থামানো হয়েছিল। তা সত্ত্বেও পার্কিং বিভাগের এক কর্মী তাঁর কাছে ২০ টাকা পার্কিং ফি দাবি করেন। কেন এই ফি দিতে হবে, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্মীদের কাছে পার্কিং ফি আদায়ের নিয়ম ও সরকারি নির্দেশিকা দেখতে চান নীলাঞ্জনা ভট্টাচার্য।
অভিযোগ অনুযায়ী, পার্কিংয়ের নিয়ম সম্পর্কে জানতে চাওয়ামাত্রই ঘটনার সূত্রপাত ঘটে এবং পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। তিনি জানান, এক মহিলা কর্মী আচমকা তাঁর দিকে তেড়ে এসে ধাক্কা মারেন। এরপর তাঁর ওপর অকথ্য ভাষায় গালিগালাজ, চুল টানাটানি ও প্রহার চালানো হয় বলেও তিনি দাবি করেন। একই সাথে, ঘটনাস্থলে থাকা এক বয়স্ক কর্মী তিনি যে সত্যিই একজন ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট (ডিসিএম), তা নিয়ে সংশয় প্রকাশ করে কটূক্তি করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করতে গেলে ফোন ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন নীলাঞ্জনা ভট্টাচার্য। স্টেশন চত্বরে বহু যাত্রী উপস্থিত থাকলেও পার্কিং বিভাগের অন্য কর্মীদের কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেননি। বরং কয়েকজন তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন তিনি।
নীলাঞ্জনা ভট্টাচার্যের দাবি, ঘটনার সময় তাঁর সঙ্গে মা উপস্থিত থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান। তবে এই অপ্রীতিকর ঘটনার জেরে নির্ধারিত ট্রেন মিস করেন তিনি। শুধু তাই নয়, সময়মতো কর্মস্থলেও পৌঁছাতে পারেননি বলে অভিযোগ।
ঘটনার বিবরণ দিয়ে অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের ও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন নীলাঞ্জনা ভট্টাচার্য। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পার্কিং কর্মীদের কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই ঘটনাকে ঘিরে রেলস্টেশনে পার্কিং ফি আদায়ের নিয়ম এবং যাত্রীদের সঙ্গে কর্মীদের আচরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পার্কিং এলাকায় গাড়ি না দাঁড় করানো হলেও কীসের ভিত্তিতে ফি দাবি করা হয়েছিল, তা নিয়ে অভিযোগকারীর প্রশ্নের উত্তর পাওয়া জরুরি। পাশাপাশি, পার্কিং ফি নিয়ে নিয়ম জানতে চাওয়ার পর কোনও যাত্রীকে শারীরিক হেনস্থার অভিযোগ তুলতে হলে স্টেশনে যাত্রী নিরাপত্তা ও পরিষেবার দায়িত্বে থাকা কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।









