০৫ নভেম্বর, ২০২৬ : ফের নিজের ব্যতিক্রমী ফ্যাশন স্টাইলে নজর কাড়লেন হলিউডের জনপ্রিয় তারকা ও ব্যবসায়ী কিম কার্দাশিয়ান। সোমবার রাতে নিউইয়র্কে ‘অলস ফেয়ার’ (All’s Fair)-এর প্রিমিয়ারের রেড কার্পেটে ধূসর রঙের বিশেষ ডিজাইনের করসেট গাউন পরে হাজির হন তিনি। শ্যান্টিলি লেস, স্বচ্ছ কাপড়ের প্যানেল এবং ঝুলন্ত সুয়েড কর্ডের নকশায় তৈরি পোশাকটি তাঁর উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তোলে।
আশি স্টুডিওর (Ashi Studio) ডিজাইন করা এই বিশেষ গাউনটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ৫০০ ঘণ্টা। পোশাকটির সঙ্গে ছিল লম্বা ট্রেন এবং করসেটের আদলে তৈরি চামড়ার নেকপিস। সাজে বাড়তি আকর্ষণ যোগ করেছিল হীরের কানের দুল এবং তিনটি পাথর বসানো বড় হীরের আংটি। অন্যান্য গয়না এড়িয়ে সাদামাটা সাজেই নজর কাড়েন ৪৬ বছর বয়সি এই তারকা।
চুলে ছিল মাঝখানে সিঁথি করা টানটান স্ট্রেট পনিটেল। মুখের দু’পাশে নেমে আসা চুলের গোছা এবং গাঢ় স্মোকি আই মেকআপ তাঁর সাজে এনে দেয় বাড়তি মাত্রা। নতুন স্টাইলিস্ট ল রোচের (Law Roach) সঙ্গে জুটি বেঁধে সাম্প্রতিক প্রচার সফরে একের পর এক অভিনব ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করছেন কিম। মেক্সিকো সিটিতে ‘অলস ফেয়ার’-এর দ্বিতীয় সিজনের প্রিমিয়ারে তাঁকে দেখা গিয়েছিল সাদা লিকুইড সিলিকন দিয়ে তৈরি শিয়াপারেলি হাউট কৌতুরের গভীর নেকলাইনের করসেট গাউনে। অন্যদিকে, রোমে ফটো কল অনুষ্ঠানে গালিয়া লাভাহর পোলকা ডটের ব্রাইডাল পোশাকে সাহসী হিপ কাটআউট ডিজাইনে নজর কাড়েন তিনি।
এর আগেও একাধিক ব্যতিক্রমী পোশাকে আলোচনায় এসেছেন কিম। গত মাসে নিজের জন্মদিন উদ্যাপনে বেছে নিয়েছিলেন পাকো রাবানের দুটি ভিনটেজ চেইনমেল গাউন। রোম চলচ্চিত্র উৎসবেও তাঁকে দেখা গিয়েছিল ভিনটেজ লেপার্ড প্রিন্টের ইভ সাঁ লরাঁর পোশাকে।
তবে ইতালি সফরে তাঁর অন্যতম আলোচিত ফ্যাশন মুহূর্ত ছিল কিংবদন্তি অভিনেত্রী এলিজাবেথ টেলরের ১২.৭ মিলিয়ন ডলার মূল্যের পান্নার নেকলেস পরার সুযোগ পাওয়া। বুলগারির তৈরি ঐতিহাসিক এই গয়নাটি পরেও বিশেষভাবে নজর কেড়েছিলেন স্কিমসের প্রতিষ্ঠাতা কিম কার্দাশিয়ান।









