জোধপুর, ৫ নভেম্বর : রাজস্থানে মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাচারকারীদের আর্থিক নেটওয়ার্কে বড়সড় আঘাত হানল জোধপুর গ্রামীণ পুলিশ। মাদক কারবারির প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের আবাসিক সম্পত্তি ফ্রিজ করা হয়েছে। ধৃত ব্যক্তি জোধপুরের খেড়াপা থানার অন্তর্গত গিঙ্গালা গ্রামের বাসিন্দা বজরং বিষ্ণোই।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ মহানির্দেশক সত্যেন্দ্র সিংয়ের নির্দেশে এবং গ্রামীণ পুলিশ সুপার পঙ্কজ যাদবের নেতৃত্বে জেলায় মাদক পাচার ও অবৈধ কারবারে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। সেই অভিযানের অংশ হিসেবে খেড়াপা থানার ভারপ্রাপ্ত আধিকারিক লাখারাম অভিযুক্তের আর্থিক লেনদেন এবং অবৈধ কারবারের মাধ্যমে অর্জিত সম্পত্তি সম্পর্কে তদন্ত করেন।
তদন্তের পর নয়াদিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত নির্দেশের ভিত্তিতে সম্পত্তি ফ্রিজ করার পদক্ষেপ করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের একটি আবাসিক সম্পত্তি চিহ্নিত করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৭৫ লক্ষ টাকা।
বুধবার গ্রামীণ পুলিশ সুপার পঙ্কজ যাদব জানিয়েছেন, মাদক পাচার সমাজ এবং যুবসমাজের ভবিষ্যতের জন্য বড়সড় বিপদ। তাই এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে শুধু মাদক পাচারের ক্ষেত্রেই নয়, অবৈধ উপার্জনের মাধ্যমে অর্জিত সম্পত্তি, বিনিয়োগ এবং অন্যান্য আর্থিক উৎসের বিরুদ্ধেও তদন্ত চালানো হবে।
তিনি জেলার সমস্ত থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও সংশ্লিষ্ট পুলিশকর্মীদের মাদক কারবারে যুক্ত ব্যক্তিদের আর্থিক লেনদেন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, অবৈধ কারবারের মাধ্যমে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পত্তি চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ করার নির্দেশও দেওয়া হয়েছে।









