খুঁটিতে সড়ক দুর্ঘটনায় শোকপ্রকাশ উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও লোকসভার অধ্যক্ষের

নয়াদিল্লি, ৬ নভেম্বর : ঝাড়খণ্ডের খুঁটি জেলায় বৃহস্পতিবার রাতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। এই দুর্ঘটনায় শুক্রবার গভীর শোকপ্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
উপরাষ্ট্রপতি এক্স-এ লিখেছেন, ঝাড়খণ্ডের খুঁটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার গভীর সমবেদনা জানাই। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
প্রধানমন্ত্রী বলেছেন, এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি তিনি সমবেদনা জানাচ্ছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন।
লোকসভার অধ্যক্ষ জানিয়েছেন, শোকের এই মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি তাঁর গভীর সমবেদনা রয়েছে| তিনি ঈশ্বরের কাছে আহতদের দ্রুত আরোগ্যের প্রার্থনা করছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে কাররা-তোরপা মেন রোডের ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার স্থানীয় সূত্রে জানা গেছে, কাররা থানা এলাকায় মেন রোডে এক স্কুটি চালক দুর্ঘটনার কবলে পড়েন। তাঁকে উদ্ধার করতে এলাকার লোকজন ছুটে যান। সেই সময়ে দ্রুত গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উদ্ধারকারীদের চাপা দেন। ক্ষুব্ধ গ্রামবাসীরা শুক্রবার সকালে রেলওয়ে ক্রসিংয়ের কাছে পথ অবরোধ করেন। গ্রামবাসীরা দুর্ঘটনায় নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং সড়ক নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।