জবলপুর, ৭ নভেম্বর : মধ্য প্রদেশের জবলপুর জেলার সিহোরা সংলগ্ন গৌরহা গ্রামের কাছে শুক্রবার ভোরে এক সোনা-রুপোর ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকার গয়না লুটের ঘটনা ঘটেছে। চার দুষ্কৃতী একটি গাড়িতে করে এসে এই লুটপাট চালায়। প্রথমে ব্যবসায়ীর গাড়িতে পিছন থেকে সজোরে ধাক্কা মেরে তাঁকে রাস্তায় ফেলে দেয়। এরপর তাঁর কাছে থাকা গয়না লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা।
জানা গিয়েছে, বার্গি মহোলার বাসিন্দা সোনা-রুপোর ব্যবসায়ী মনোজ সোনি প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার গয়না নিয়ে গৌরহা গ্রামের দিকে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে আসা একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। ব্যবসায়ী রাস্তায় পড়ে যেতেই গাড়ি থেকে নেমে চার দুষ্কৃতী তাঁর কাছে থাকা গয়না লুট করে পালিয়ে যায়।পালানোর সময় দুষ্কৃতীদের গাড়ির ধাক্কায় গৌরহার কাছে একটি গরুও গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় গরুটিকে রাস্তার উপর পড়ে থাকতে দেখা যায়।
শুক্রবার পুলিশ সূত্রে খবর, ঘটনার বেশ কিছুক্ষণ পর লুটের খবর পুলিশের কাছে পৌঁছয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের পৌঁছায়। আপাতত দুষ্কৃতীদের পরিচয় এবং লুট হওয়া গয়না সম্পর্কে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে পুলিশ।









