নাগপুর (মহারাষ্ট্র), ৯ নভেম্বর : কারও অনুগ্রহে নয়, স্বয়ংসেবকদের নিঃস্বার্থ আত্মত্যাগ ও একনিষ্ঠ পরিশ্রমের ওপর ভর করেই ১০০ বছর পেরিয়ে এগিয়ে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। সোমবার নাগপুরে নাগপুর নাগরিক সমবায় ব্যাংকের নতুন প্রেক্ষাগৃহের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন আরএসএস সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শতবর্ষে পদার্পণকারী সংঘের প্রচারক পরম্পরা, কাজের বিস্তার এবং দ্রুত পরিবর্তনের যুগে সমাজ গঠনে স্বয়ংসেবকদের ভূমিকার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি।
প্রচারকদের জীবন ও কার্যধারার অভিজ্ঞতা স্মরণ করে সরসঙ্ঘচালক বলেন, “যে কোনও সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করতে গেলে যা কিছু প্রয়োজন, তা আপনাআপনি এসে যায়। আপনি যে কোনও প্রচারককে জিজ্ঞাসা করলেই তাঁরা এই অভিজ্ঞতার কথা বলবেন। এটাই একজন প্রচারকের প্রকৃত জীবন এবং বিগত ১০০ বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে এই ধারা চলে আসছে।”
সংগঠনের বিস্তার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “ডাক্তার সাহেবের (কেশব বলিরাম হেডগেওয়ার) জন্মশতবর্ষ উদযাপনের সময় তৎকালীন সমস্ত কর্মরত প্রচারক এবং যাঁরা অতীতে প্রচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তাঁদের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই সময় তাঁদের সংখ্যা ছিল প্রায় সাড়ে ছয় হাজার। বিগত বছরগুলিতে সেই সংখ্যা নিশ্চিতভাবেই বহু গুণ বৃদ্ধি পেয়েছে।”
সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজকে আরও গতিশীল করার ওপর জোর দিয়ে মোহন ভাগবত বলেন, “সংঘ ১০০ বছর পূর্ণ করেছে এবং এগিয়ে চলেছে কারও অনুগ্রহে নয়, বরং স্বয়ংসেবকদের একনিষ্ঠ সমর্পণ ও নিরলস প্রচেষ্টার শক্তিতে। আমাদের আরও দ্রুতগতিতে কাজ করতে হবে, কারণ আমরা সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছি। সমাজে অবনতির গতি এবং গঠনমূলক উন্নতির গতির মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা জরুরি। এই লক্ষ্যপূরণে প্রতিটি স্বয়ংসেবক কোনও না কোনোভাবে সমাজের জন্য অবদান রাখছেন, নিজেদের সময় উৎসর্গ করছেন এবং এই মূল্যবোধগুলিকে জীবনে ধারণ করছেন।”
তিনি আরও যোগ করেন, মানুষের যোগ্যতা, গুণাবলী এবং ক্ষমতার মধ্যে ভিন্নতা থাকা স্বাভাবিক। প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু সংঘের স্বয়ংসেবক ও প্রচারকদের মধ্যে একটি অভিন্ন বৈশিষ্ট্য বিদ্যমান—তা হলো তাঁদের নিঃস্বার্থ সমর্পণ। নিজে একজন প্রচারক হিসেবে সেই জীবনধারাকে তিনি অত্যন্ত স্বাভাবিক ও আত্মস্থ হিসেবেই দেখেন বলে জানান। এদিন নাগপুর নাগরিক ব্যাংকের নতুন সদর দফতর উদ্বোধনের পর ব্যাংকিং পরিষেবায় স্বচ্ছতা, সমবায় মানসিকতা ও সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে সাধারণ মানুষের আর্থিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।








