সিওনীতে আবাসনে ভয়াবহ আগুন! একই পরিবারের ৬ জনের মৃত্যু, উদ্ধার ৪

সিওনী (মধ্যপ্রদেশ), ৯ নভেম্বর : মধ্যপ্রদেশের সিওনী জেলায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয় সদস্যের করুণ মৃত্যু হয়েছে। জেলার ছাপারা ব্লক সদর দফতরে একটি সোনার দোকানের ওপর অবস্থিত দোতলা আবাসনে এই বিধ্বংসী আগুন লাগে। বিষাক্ত ধোঁয়ায় দম আটকে এবং আগুনে ঝলসে পরিবারের ছয়জন প্রাণ হারিয়েছেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাপারা বাজারের বাসিন্দা কুন্দন সোনীর বাড়ির নিচতলায় একটি সোনার গয়নার দোকান রয়েছে এবং ওপরের তলায় সপরিবারে বসবাস করতেন তাঁরা। সোমবার ভোর আনুমানিক ৪টে নাগাদ দোতলার আবাসনে আচমকাই আগুন ধরে যায়। সেই সময় বাড়িতে মোট ১০ জন সদস্য ঘুমিয়ে ছিলেন। মুহূর্তের মধ্যে আগুন ও বিষাক্ত কালো ধোঁয়া পুরো ঘর ও বারান্দায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়েই স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বাড়ি থেকে চারজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেলেও বাকি ছয়জনকে বাঁচানো যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করে সিওনীর পুলিশ সুপার (এসপি) কৃষ্ণ লালচন্দানী জানান, “কুন্দন সোনী নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানের ওপরের আবাসনে এই মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোর প্রায় ৪টে নাগাদ আগুন লাগে। সেই সময় বাড়ির ভেতরে ১০ জন সদস্য ছিলেন। ধোঁয়ায় দম আটকে এবং আগুনে পুড়ে মোট ছয়জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় মানুষ দ্রুত ব্যবস্থা নিয়ে চারজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।”
অগ্নিকাণ্ডের কারণ ও প্রাণহানির প্রেক্ষাপট ব্যাখ্যা করে পুলিশ সুপার আরও বলেন, “প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। বাড়িটিতে পর্যাপ্ত বায়ু চলাচলের (ভেন্টিলেশন) ব্যবস্থা ছিল না, যার ফলে বিষাক্ত ধোঁয়া জমে দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়া সোনার দোকান ও বাড়ি হওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে চারিদিকে ভারী তালা ও গ্রিল লাগানো ছিল। ফলে আগুন লাগার পর পরিবারের সদস্যরা সহজে দরজা খুলে বাইরে বেরোতে পারেননি, যা এই করুণ পরিণতি ডেকে এনেছে।”
ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ ও নমুনা সংগ্রহের জন্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল) দলকে ডাকা হয়েছে। গোটা ঘটনা সম্পর্কে জেলাশাসককে (কালেক্টর) অবগত করা হয়েছে এবং প্রয়োজন সাপেক্ষে উচ্চপর্যায়ের প্রশাসনিক তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে পুলিশ। দীপাবলির আবহে এই মর্মান্তিক ঘটনায় গোটা সিওনী জেলাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।