ডিগারুতে কলকাতা–সাইরং এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা, লাইনচ্যুত সামনের সাতটি কামরা

হাফলং (অসম), ১২ নভেম্বর : জনশতাব্দী এক্সপ্রেসকে চলাচলের অগ্রাধিকার দিতে গিয়ে ডিগারু রেলস্টেশনে নির্ধারিত সময়ে থামতে ব্যর্থ হল কলকাতা–সাইরং এক্সপ্রেস। আর তার জেরেই বুধবার সকালে গুয়াহাটি–লামডিং রেলপথের ডিগারুতে ঘটে গেল রেল দুর্ঘটনা। সকাল প্রায় ৬টা ৫৪ মিনিটে ১৩১২৫ নম্বর কলকাতা–সাইরং এক্সপ্রেসের সামনের সাতটি কামরা লাইনচ্যুত হয়। দুর্ঘটনাকে কেন্দ্র করে রেলযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও ট্রেনটি কম গতিতে চলছিল বলে বড় ধরনের বিপর্যয় এড়ানো গিয়েছে বলে দাবি রেল কর্তৃপক্ষের। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে দুৰ্ঘটনার জেরে আট জন আহত হওয়ার খবর মিলেছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) কপিঞ্জল কিশোর শর্মা দুর্ঘটনার বিবরণ দিতে গিয়ে জানান, কলকাতা থেকে মিজোরামের সাইরংগামী ১৩১২৫ নম্বর কলকাতা–সাইরং এক্সপ্রেস বুধবার সকালে ডিগারু রেলস্টেশনে পৌঁছেছিল। ওই সময় জনশতাব্দী এক্সপ্রেসকে অগ্রাধিকার দিয়ে চলাচলের সুযোগ করে দেওয়ার জন্য কলকাতা–সাইরং এক্সপ্রেসকে স্টেশনে থামানোর পরিকল্পনা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে ট্রেনটি থামতে পারেনি। এর ফলেই ট্রেনটির সামনের পাঁচটি কামরা লাইনচ্যুত হয়ে যায়।
সিপিআরও-র বক্তব্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ট্রেনের গতি তুলনামূলক ভাবে কম থাকায় বড় ধরনের প্রাণহানি বা গুরুতর দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর রেল কর্তৃপক্ষের কাছে আসেনি। তবে দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ দিকে দুর্ঘটনার জেরে যাত্রীদের যাত্রা যাতে দীর্ঘ সময়ের জন্য ব্যাহত না হয়, সে জন্য বিকল্প পরিবহণের ব্যবস্থা করছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। সিপিআরও জানিয়েছেন, গুয়াহাটি থেকে একটি বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। ওই ট্রেনে কলকাতা–সাইরং এক্সপ্রেসের যাত্রীদের সাইরং পর্যন্ত পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। যাত্রীদের অসুবিধা কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলেও জানান তিনি।
অন্য দিকে, দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত রেলপথ দ্রুত স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে রেল বিভাগ। লাইনচ্যুত কামরাগুলি সরিয়ে রেললাইন পুনরুদ্ধারের পাশাপাশি মূল রেলপথ যত দ্রুত সম্ভব চালু করার চেষ্টা চলছে। সিপিআরও-র আশা, অল্প সময়ের মধ্যেই মূল রেললাইন পুনরায় চালু করা সম্ভব হবে। রেলপথ স্বাভাবিক হলে ওই শাখায় ট্রেন চলাচলও ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরবে।
দুর্ঘটনার খবর পাওয়ার পরেই উত্তর-পূর্ব সীমান্ত রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন। উদ্ধার ও পুনরুদ্ধার প্রক্রিয়ার পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের প্রস্তুতিও শুরু হয়েছে। কেন নির্ধারিত স্থানে ট্রেনটি সময়মতো থামতে পারল না, সিগন্যালিং ব্যবস্থা, ব্রেকিং ব্যবস্থা কিংবা ট্রেন পরিচালনার ক্ষেত্রে কোনও ত্রুটি ছিল কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে। তবে তদন্ত শেষ হওয়ার আগে দুর্ঘটনার নির্দিষ্ট কারণ সম্পর্কে কোনও সিদ্ধান্তে পৌঁছতে নারাজ রেল কর্তৃপক্ষ।
সিপিআরও আরও জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ এবং এর নেপথ্যে কোনও প্রযুক্তিগত বা পরিচালনাগত সমস্যা ছিল কি না, তা চিহ্নিত করতে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, কলকাতা থেকে মিজোরামের সাইরং পর্যন্ত চলাচলকারী এই ট্রেনটি উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ফলে ডিগারুর এই দুর্ঘটনার পর যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখা এবং ক্ষতিগ্রস্ত রেলপথ দ্রুত পুনরুদ্ধার করাই এখন উত্তর-পূর্ব সীমান্ত রেলের প্রধান লক্ষ্য। এদিকে যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন স্টেশনে জরুরি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি হল
কাটিহার: ৯০০২০৪১৮০৬, ৯০০২০৪১৯৫২, ৯৭৭১৪৪১৯৫৬
কিশানগঞ্জ: ০৬৪৫৬২২৬৭৯৪, ০৬৪৫৬২২৬৭৯৫
নিউ জলপাইগুড়ি: ৬২৮৭৬৯৯৮৮০
গুয়াহাটি: ০৩৬১২৭৩১৬২১, ২৭৩১৬২২, ২৭৩১৬২৩
লামডিং: ০৩৬৭৪২৬৩৮৫৮, ২৬৫৯৫৮, ২৬৩৮৩১
বদরপুর: ০৩৮৪৩২৬৯৫৪৬, ২৬৯৫৪৮, ২৬৮৪২৪, ২৬৯৫৪৭
শিলচর: ০৩৮৪২২৪৫৪১৪, ২৪৫৪১৯, ২৪৫৪২৩
ট্রেন চলাচল সংক্রান্ত সর্বশেষ তথ্য ও জরুরি সহায়তার জন্য যাত্রীদের সংশ্লিষ্ট হেল্পলাইন নম্বরগুলিতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে উত্তর পূৰ্ব সীমান্ত রেল বিভাগের পক্ষ থেকে।এদিকে রেল কর্তৃপক্ষ এই ঘটনায় কোনও হতাহত হয়নি বলে দাবি করলে ও দূর্ঘটনার জেরে আটজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত যাত্রীরা হলেন কহিনুর মণ্ডল (বিলাসীপাড়া) নুরজাহান বিবি (বিলাসীপাড়া) মমতাজ বেগম (বিলাসীপাড়া) কলিম উদ্দিন (বিলাসীপাড়া) নীতিশ কুমার রায় (হোজাই) অক্ষয় চক্রবর্তী (হোজাই) জিমি বর্মণ (কোকরাঝাড়) রামববুল সাহা (মিজোরাম)