বেলদায় জাতীয় সড়কে ভস্মীভূত গাড়ি

বেলদা, ১২ নভেম্বর : জাতীয় সড়কের উপরে হঠাৎই জ্বলে উঠল একটি গাড়ি। বুধবার ভোরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে খড়্গপুর-ওড়িশা ১৬ নম্বর জাতীয় সড়কে, বেলদার কলাবনি এলাকায়।
বুধবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে গাড়িটি জাতীয় সড়ক ধরে দাঁতন থেকে খড়্গপুরের দিকে যাচ্ছিল। গাড়িতে মোট ৫ জন যাত্রী সওয়ার ছিলেন। গাড়িটি কলাবনির কাছে পৌঁছতেই হঠাৎ পোড়া গন্ধ পান আরোহীরা। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। পরিস্থিতি বুঝতে পেরে কালক্ষেপ না করে চালক গাড়িটি জাতীয় সড়কের পাশে থামান এবং যাত্রীরা দ্রুত নিরাপদ দূরত্বে নেমে আসেন।
যাত্রীরা গাড়ি থেকে নেমে আসার ঠিক পরেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ ও দমকল বাহিনী। ততক্ষণে সম্পূর্ণ গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিটের কারণে গাড়িতে এই আগুন লেগে থাকতে পারে। তবে আগুন লাগার আসল কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ও দমকল বিভাগ ঘটনার তদন্ত করছে।