দিল্লিতে ডাম্পার ও অটোরিক্সার সংঘর্ষে মৃত ৩, আহত ৫ জন

নয়াদিল্লি, ১২ নভেম্বর : উত্তর-পূর্ব দিল্লির সোনিয়া বিহার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক শিশুকন্যা ও দুই পুরুষ সহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। বৃহস্পতিবার ভোর ৫টা ১৭ মিনিট নাগাদ সোনিয়া বিহারের পুস্তা নম্বর ৫-এর কাছে একটি দ্রুতগামী ডাম্পার ট্রাক ও যাত্রীবাহী অটোরিক্সার মধ্যে ভয়াবহ সংঘর্ষ হলে এই দুর্ঘটনাটি ঘটে। তবে এই ভয়াল দুর্ঘটনার মাঝেও অটোরিক্সায় থাকা তিন বছরের এক শিশুকন্যা সম্পূর্ণ অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে গিয়েছে বলে দিল্লি দমকল বাহিনী (ডিএফএস) সূত্রে জানানো হয়েছে।
পুলিশ ও দমকল বাহিনী সূত্রে জানা গিয়েছে, ভোরবেলায় যাত্রীবোঝাই অটোরিক্সাটিকে সজোরে ধাক্কা মারে একটি ডাম্পার। সংঘর্ষের তীব্রতায় অটোটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর জখম হন। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ উদ্ধারকাজে এগিয়ে আসেন। দমকল বাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছনোর আগেই স্থানীয় মানুষ এবং পুলিশের পিসিআর ভ্যান আহতদের উদ্ধার করে নিকটবর্তী জগ প্রবেশ চন্দ্র হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দুই অজ্ঞাতপরিচয় পুরুষ এবং এক শিশুকন্যাকে মৃত বলে ঘোষণা করেন। আহত ৫ জনের মধ্যে দু’জনের পরিচয় জানা গিয়েছে—তাঁরা হলেন রাজা (৩২) এবং রাখি (৩০)। বাকি তিন আহত ব্যক্তি—দুই পুরুষ ও এক মহিলার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অন্যদিকে, অটোয় থাকা তিন বছরের শিশুকন্যাটি সম্পূর্ণ অক্ষত রয়েছে এবং তাকেও চিকিৎসার তত্ত্বাবধানে রাখা হয়েছে। দিল্লি দমকল বাহিনীর এক আধিকারিক জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে দুটি জলের ট্যাঙ্ক, একটি কুইক রেসপন্স ভেহিকল (কিউআরভি) এবং একটি ইনসিডেন্ট রেসপন্স টিম পাঠানো হয়। ঠিক কী কারণে এই ভয়াবহ সংঘর্ষ ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ এবং ঘাতক ডাম্পারটির চালককে চিহ্নিত করার পাশাপাশি মৃত ও আহতদের সম্পূর্ণ পরিচয় যাচাইয়ের কাজ চলছে।