খাবার না দেওয়ায় হোটেলে আগুন লাগানোর অভিযোগ, আরামবাগে চাঞ্চল্য

হুগলি, ১৩ নভেম্বর : খাবার না দেওয়াকে কেন্দ্র করে হোটেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের চাঁদুর ভাটামোড় সংলগ্ন নিমতলা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
হোটেল মালিকের অভিযোগ, বুধবার রাতে হোটেল বন্ধ করার সময় বেশ কয়েকজন যুবক তাঁর কাছে খাবার চাইতে আসে। কিন্তু সেই সময় তিনি খাবার দিতে না পারায় ওই যুবকদের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়। এরপর গভীর রাতে দুষ্কৃতীরা তাঁর হোটেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।
হোটেল মালিক আরও জানান, আগুন লাগার বিষয়টি প্রথমে তাঁকে স্থানীয় বাসিন্দারা ফোন করে জানান। খবর পেয়েই তিনি ঘটনাস্থলে পৌঁছন। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে হোটেলের ফ্রিজ, ফ্যান-সহ একাধিক সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন হোটেল মালিক। গোটা ঘটনার তদন্ত ও দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়েছেন হোটেল মালিক।
Recent Posts