মুর্শিদাবাদ, ১৪ নভেম্বর : মুর্শিদাবাদের নওদা থানার বালি কুঠিপাড়া এলাকায় এক নাবালিকাকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ৯ বছরের এক নাবালিকাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে এক প্রতিবেশী কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মল্লিকা খাতুন (৯) স্থানীয় একটি শিশু শিক্ষা কেন্দ্রের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। বৃহস্পতিবার দুপুর থেকে সে নিখোঁজ ছিল। ওই দিন মল্লিকার মা তাঁর ছোট ছেলেকে নিয়ে বেলডাঙায় ডাক্তার দেখাতে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে একাই ছিল মল্লিকা। বিকেলে বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। কোথাও তার সন্ধান না মেলায় রাতেই নওদা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। এর পরই শুরু হয় তল্লাশি।
এলাকাবাসীদের সন্দেহ হওয়ায় রাতেই প্রতিবেশী এক কিশোরীর বাড়িতে তল্লাশি চালানো হয়। আর সেখানেই উদ্ধার হয় মল্লিকার নিথর দেহ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়| জিজ্ঞাসাবাদের জন্য ওই কিশোরীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সূত্রের খবর, পুলিশের টানা জেরার মুখে অবশেষে নিজের অপরাধের কথা স্বীকার করে ওই কিশোরী। সে জানায়, মল্লিকাকে সে-ই শ্বাসরোধ করে খুন করেছে।
এই মর্মান্তিক ঘটনার পর থেকে বালি কুঠিপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ধৃত কিশোরীকে জেরা করে এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে।









