বেঙ্গালুরু, ১৪ নভেম্বর : শুক্রবার বেঙ্গালুরুতে ‘নাম্মা মেট্রো’র পিঙ্ক লাইনের কালেনা আগ্রহারা থেকে তাভরেকেরে পর্যন্ত সম্প্রসারিত অংশটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী| এই সম্প্রসারণের মাধ্যমে বেঙ্গালুরুর মেট্রো নেটওয়ার্ক ১০০ কিলোমিটার অতিক্রম করেছে এবং দিল্লি-এনসিআর ও মুম্বইয়ের পর দেশের তৃতীয় শহর হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সুধা যাদব, মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার, বেঙ্গালুরু নগর উন্নয়ন মন্ত্রী কৃষ্ণা বায়রেগৌড়া এবং সাংসদ তেজস্বী সূর্য-সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।
উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেন, যে কোনও দেশের উন্নয়নযাত্রায় পরিকাঠামোর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে উন্নয়ন, কর্মসংস্থান এবং শিল্পের নতুন সুযোগ তৈরি হয়। যখন এই সমস্ত সুযোগের সুবিধা সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছায়, তখন দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইও শক্তিশালী হয়। এই কারণেই বিগত কয়েক বছরে দেশের প্রায় ৫০ কোটি নাগরিক চরম দারিদ্র্য থেকে মুক্ত হয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, এই সাফল্য কেবল একটি পরিবহন প্রকল্পের সম্প্রসারণ নয়, বরং শহরবাসীর জীবনযাত্রা সহজ করা এবং শহরে যাতায়াতকে আরও সুবিধাজনক করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি জানান, কিছুদিন আগেই রাজ্যের প্রথম ‘বন্দে ভারত স্লিপার’ ট্রেন পেয়েছিল কর্ণাটক| এখন গোয়ার সঙ্গে সংযোগকারী বন্দে ভারত ট্রেনের সুবিধাও পাওয়া গেছে। ভারত চিপ উৎপাদন থেকে শুরু করে জাহাজ নির্মাণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সেন্টার ও কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে বৈশ্বিক নেতৃত্ব অর্জনের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে।
কালেনা আগ্রহারা থেকে তাভরেকেরে পর্যন্ত পিঙ্ক লাইনের সম্প্রসারিত অংশটি প্রায় ৩ হাজার ৪৭০ কোটি টাকা ব্যয়ে করা হয়েছে। এর দৈর্ঘ্য ৭.৫ কিলোমিটার। এই অংশে ছয়টি স্টেশন নির্মাণ করা হয়েছে— কালেনা আগ্রহারা, হুলিমাভু, আইআইএমবি, জেপি নগর ৪র্থ ফেজ, জয়দেব হাসপাতাল এবং তাভরেকেরে। প্রাথমিক পর্যায়ে এই রুটে পাঁচটি নির্ধারিত মেট্রো ট্রেন চালু করা হবে। যাত্রীরা প্রতি আট মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাবেন।
প্রধানমন্ত্রী মোদী তাভরেকেরে স্টেশন থেকে বিলেকেনহাল্লিতে অবস্থিত ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বেঙ্গালুরু’ (আইআইএমবি) স্টেশন পর্যন্ত মেট্রোতে ভ্রমণও করেন। এই সময় তিনি নতুন রুটের সুযোগ-সুবিধা এবং পরিচালনা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।









